ওয়াশিংটন, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে অগ্রগতির ভিত্তিতে পাকিস্তানকে সামরিক সাহায্য দেওয়ার শর্ত বেঁধে দিয়েছে মার্কিন কংগ্রেস। এই শর্ত মেনেই পাকিস্তানে সাহায্য দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ মার্কিন মিত্রদেশ পাকিস্তানে সাহায্য দেওয়ার এই নীতি নিয়ে কংগ্রেসে বড় ধরনের কোনো মতপার্থক্য নেই। এক উর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন।
মার্কিন প্রতিনিধি পরিষদ বুধবার ৫৫৬ বিলিয়ন ডলারের যে বাজেট বিল পাস করেছে তাতেই পাকিস্তানকে সামরিক সাহায্য দেওয়ার ওই শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এই বাজেটে ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত সরকারের ব্যয়ভারসহ ইরাক ও আফগানিস্তান যুদ্ধের জন্যও তহবিল বরাদ্দ করা আছে।
সিনেট মঙ্গলবার এই বিল ঘোষণা করে। বুধবার কংগ্রেস তা অনুমোদন করার পর এখন এটি সর্বশেষ অনুমোদনের জন্য বুশের হাতে যাওয়ার কথা।
ওই বিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের কাছ থেকে পাকিস্তানে গণতান্ত্রিক অধিকার পুরুদ্ধার, স্বাধীন বিচারবিভাগ গঠন এবং তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পাকিস্তানে ৫০ থেকে ৩০০ মিলিয়ন ডলারের সামরিক সাহায্য স্থগিত করা হয়েছে।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার বলেছেন, "কংগ্রেস যে ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে সেগুলো সম্পর্কে তাদেরকে রিপোর্ট দিতে পারব বলে আমরা আস্থাশীল। আমরা যে বিষয়গুলোর ওপর নজর রাখছি ওগুলো সেই একই ইস্যু।"
প্রেসিডেন্ট মুশাররফ গত ৩ নভেম্বর দেশে জরুরি অবস্থা জারির পর ঢালাওভাবে আইনজীবী ও বিরোধীদলীয় নেতাকর্মীদেও আটক করেন। তাদের বহুজন ইতোমধ্যেই মুক্তি পেলেও মুশাররফের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এমন কয়েকজন বিচারপতি ও আইনজীবী এখনও আটক। কেবল ঈদুল-আযহা উপলক্ষ্যে একজন আইনজীবীকে পাক সরকার বৃহস্পতিবার সাময়িকভাবে মুক্তি দিয়েছে।
মুশাররফের এ সমস্ত কর্মকাণ্ডের জবাবেই যুক্তরাষ্ট্র ইসলামাবাদকে সামরিক সাহ্য্যা দেওয়ার বিষয়টি নতুন করে ভেবে দেখতে শুরু করে। আর এতেই পাকিস্তানে নিয়মিত ২০০ মিলিয়ন ডলারের অর্থনৈতিক সাহায্য বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৫৪ঘ.
bdnews24