আরবিল, ইরাক, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর ইরাকে ছোট আকারে অভিযান শুরু করেছে তুর্কি বাহিনী। কুর্দি বিদ্রোহীদের দমনে প্রায় তিনশ' তুর্কি সেনা মঙ্গলবার ভোর রাতের দিকে সীমান্ত পেরিয়ে উত্তর ইরাকে ঢুকে পড়ে। তবে ইরাকের আধা স্বায়ত্বশাসিত কুর্দি সরকার জানিয়েছে, অভিযান শুরুর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে উত্তর ইরাক থেকে তুর্কি সেনা প্রত্যাহার করা হয়েছে। (আরও তথ্যসহ-১)
তুর্কি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, উত্তর ইরাকে বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) দুটি গ্র"পের অবস্থান সনাক্ত করার পর তুর্কি বাহিনী সীমান্ত পেরিয়ে অভিযান শুরু করেছে। সেখানে বিদ্রেহীদের সঙ্গে সেনাদের সামান্য সংঘর্ষ হয়েছে বলে তিনি দাবি করেন। তবে সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি।
ওই কর্মকর্তা বলেন, "সীমান্তের ওপারে বিদ্রোহীদের দুটি গ্র"প হামলার প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত হওয়ার পর এক ব্যাটালিয়ন সেনা সেখানে অভিযান শুরু করেছে।"
তবে কুর্দি সরকার দাবি করেছে, তুর্কি সেনারা চলে গেছে। কুর্দি প্রেসিডেন্ট মাসুদ বারজানির চিফ অব স্টাফ ফুয়াদ হুসেইন রয়টার্সকে বলেন, "তুর্কি সেনাবাহিনীর যে সদস্যরা আজ কুর্দিস্থানে ঢুকে পড়েছিল তারা চলে গেছে। "
এর আগে ইরাকি সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন সূত্র রয়টার্সকে জানায়, প্রায় তিনশ' তুর্কি সেনা মঙ্গলবার ভোররাত থেকে সকালের মধ্যে উত্তর ইরাকের কুর্দি এলাকার ২-৩ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে।
সূত্র জানায়, হালকা অস্ত্রে সজ্জিত তুর্কি সেনারা সীমান্তবর্তী পার্বত্য জেলা গালি রাশ এর ভেতরে ঢুকে। তবে এলাকাটিতে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
তুরস্ক দাবি করে আসছে, উত্তর ইরাকের নিষিদ্ধঘোষিত কুর্দি বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অধিকার তাদের রয়েছে।
এর আগে গত সপ্তাহের শেষ দিকে তুর্কি যুদ্ধবিমান উত্তর ইরাকের বেশ কয়েকটি গ্রামে বোমা হামলা চালিয়েছে। ইরাকের অভিযোগ, ওই হামলায় কমপক্ষে এক নারী প্রাণ হারিয়েছেন। একইসঙ্গে ইরাক দাবি জানিয়েছে, পরবর্তী যে কোনো সামরিক পদক্ষেপ যেন বাগদাদের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়।
তুর্কি সেনাবাহিনী উত্তর ইরাকে এমন দিনে প্রবেশ করল যেদিন ইরাক সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।
ইরাকে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় এক লাখ ৫৫ হাজার সেনা মোতায়নে রয়েছে। আর গত সপ্তাহের শেষ দিকে উত্তর ইরাকে বিমান হামলা চালানোর আগে বিষয়টি তুরস্ক যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল বলে জানিয়েছে ওয়াশিংটন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/২২৪২ ঘ.
bdnews24