২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ইরাকে ঢুকে পড়েছে তুর্কি সেনারা

তুর্কি সেনাবাহিনীর প্রায় তিনশ' সেনা মঙ্গলবার ভোররাত থেকে সকালের মধ্যে উত্তর ইরাকের কুর্দি এলাকার ২-৩ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। ইরাকি সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন সূত্র রয়টার্সকে একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 08:48 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

আরবিল, ইরাক, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুর্কি সেনাবাহিনীর প্রায় তিনশ' সেনা মঙ্গলবার ভোররাত থেকে সকালের মধ্যে উত্তর ইরাকের কুর্দি এলাকার ২-৩ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। ইরাকি সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন সূত্র রয়টার্সকে একথা জানিয়েছে। (আরও তথ্যসহ) সূত্র জানায়, হালকা অস্ত্রে সজ্জিত তুর্কি সেনারা সীমান্তবর্তী পার্বত্য জেলা গালি রাশ এর ভেতরে ঢুকে পড়েছে। সকালে এলাকাটিতে কুর্দি গেরিলাদের সঙ্গে সেনাদের সংঘর্ষও হয়েছে। তুরস্কের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে একথা জানিয়েছেন। তবে সংঘর্ষে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অজ্ঞাতপরিচয় ওই কর্মকর্তা বলেন, সীমান্তে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) গেরিলাদের আনাগোনা দেখতে পেয়েই সেনারা ইরাকে ঢুকে পড়ে। গেরিলারা যে হামলা করার পরিকল্পনা করছিল সে ব্যাপারে সেনারা নিশ্চিত। তুরস্ক দাবি জানিয়ে আসছে, উত্তর ইরাকের নিষিদ্ধঘোষিত কুর্দি বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অধিকার তাদের রয়েছে। এর আগে গত সপ্তাহের শেষ দিকে তুর্কি যুদ্ধবিমান উত্তর ইরাকের বেশ কয়েকটি গ্রামে বোমা হামলা চালিয়েছে। ইরাকের অভিযোগ, ওই হামলায় কমপক্ষে এক নারী প্রাণ হারিয়েছেন। একইসঙ্গে ইরাক দাবি জানিয়েছে, পরবর্তী যে কোনো সামরিক পদক্ষেপ যেন বাগদাদের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়। তুর্কি সেনাবাহিনী উত্তর ইরাকে এমন দিনে প্রবেশ করল যেদিন ইরাক সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। প্রসঙ্গত, ইরাকে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় এক লাখ ৫৫ হাজার সেনা মোতায়নে রয়েছে। আর গত সপ্তাহের শেষ দিকে উত্তর ইরাকে বিমান হামলা চালানোর আগে বিষয়টি তুরস্ক যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল বলে জানিয়েছে ওয়াশিংটন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৩৬ ঘ.