২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশরা ইরাক থেকে 'পালাচ্ছে': জাওয়াহিরি

ওসামা বিন-লাদেনের নেতৃত্বাধীন জঙ্গি সংগঠন আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি বলেছেন, দক্ষিণ ইরাকের নিরাপত্তার দায়িত্ব ব্রিটেনের ছেড়ে দেওয়ার মাধ্যমে এটা প্রতীয়মাণ হয়েছে যে গেরিলারা সেখানে শক্তিশালী হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 07:38 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

দুবাই, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ওসামা বিন-লাদেনের নেতৃত্বাধীন জঙ্গি সংগঠন আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি বলেছেন, দক্ষিণ ইরাকের নিরাপত্তার দায়িত্ব ব্রিটেনের ছেড়ে দেওয়ার মাধ্যমে এটা প্রতীয়মাণ হয়েছে যে গেরিলারা সেখানে শক্তিশালী হচ্ছে। আল কায়েদার মিডিয়া শাখা আস-সাহাব এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জাওয়াহিরি বলেন, "ইরাক থেকে পাওয়া খবর সূত্রে এ বিষয়টি পরিষ্কার হয়েছে যে মুজাহিদিনরা সেখানে ক্রমাগত শক্তিশালী হচ্ছে এবং আমেরিকানদের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। আর ব্রিটিশদের পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত (এ বিষয়টা প্রমাণিত হওয়ার জন্য) যথেষ্ট।" রোববার ইন্টারনেটে প্রকাশিত ভিডিও টেপে এক সাক্ষাৎকারে জাওয়াহিরি একথা বলেন। সাক্ষাৎকার দেওয়ার সময় আল-কায়েদা নেতা জাওয়াহিরির পাশে একটি রাইফেল এবং পেছনে একটি বইয়ের তাক ছিল। ব্রিটিশ বাহিনী বসরার নিরাপত্তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ইরাকের কাছে হস্তান্তর করার দিনই একটি ইসলামিক ওয়েবসাইটে এ ভিডিও টেপটি প্রচার করা হয় । প্রসঙ্গত, ব্রিটিশ সেনারা গত পাঁচ বছর দক্ষিণ ইরাকের চারটি প্রদেশের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। সর্বশেষ রোববার বসরার নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে গোটা দক্ষিণ ইরাকে তাদের নিরাপত্তার দায়িত্বের অবসান হয়। সাক্ষাৎকারে জাওয়াহিরি সতর্ক করে বলেন, ইরাকে নিরপরাধ লোকের ওপর হামলা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সংগঠন 'ইসলামিক স্টেট ইন ইরাক' এ শত্র"পক্ষের গোয়েন্দারা ঢুকে থাকতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আল কায়েদাবিরোধী যুদ্ধে ইরাকের সুন্নি সংগঠনগুলোকে উৎসাহিত করার লক্ষ্যে এমন ঘটনা ঘটানো হতে পারে। তিনি এ বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্তের আহ্বান জানিয়েছেন। ৯৭ মিনিটের ওই ভিডিওটেপে জাওয়াহিরি আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখাকে সমর্থন করার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া, তিনি পাকিস্তানের সেনাবাহিনী এবং মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে অভ্যুত্থান করার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৩৩০ ঘ.