বার্লিন, ডিসেম্বর, ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বৈদেশিক নীতির সমালোচনা করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন বোল্টন। তিনি বলেন, "বুশের বৈদেশিক নীতি লাগামহীন নিম্নগতির এবং তা দেশের নিরাপত্তাকে ঝুঁকির সম্মুখীন করেছে।" বৈদেশিক নীতি নিয়ে বেশি গলাবাজি করার জন্য পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইসকে শাসন করা বুশের উচিত বলেও তিনি মন্তব্য করেন। এক জার্মান ম্যাগাজিন রোববার একথা জানিয়েছে।
মার্কিন প্রশাসনের একসময়কার কঠোর দৃষ্টিভঙ্গিসম্পন্ন এবং ইরান, উত্তর কোরিয়া এবং ইরাকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পক্ষপাতি বোল্টন জার্মানির দ্বার স্পিগেল সাপ্তাহিকীকে বলেন, বুশের উচিত কণ্ডোলিৎসা রাইসের ওপর নজরদারি করা।
বৈদেশিক নীতির ক্ষেত্রের বুশের চেয়ে পররাষ্ট্রমন্ত্রী রাইসেরই বড় গলা -- মন্তব্য করে বোল্টন বলেন, "বুশ তার (রাইসের) ওপর যথেষ্ট নজরদারি করছেন না। এটা করাটা ভুল হচ্ছে।"
বোল্টনের উদ্ধৃতি দিয়ে ম্যাগাজিনটি জানায়, "তার (বুশের ) বৈদেশিক নীতি লাগামহীন নিম্নগতির। প্রেসিডেন্ট তার নিজের বিচার বিবেচনা এবং সহজাত প্রবৃত্তির বিরুদ্ধে কাজ করছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৪ঘ.
bdnews24