২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি বাহিনীর হাতে বসরার দায়িত্ব হস্তান্তর করল ব্রিটেন

ইরাকি বাহিনীর হাতে রোববার সর্বশেষ প্রদেশ বসরার নিরাপত্তাভার হস্তান্তর করেছে ব্রিটিশ বাহিনী। এর মধ্য দিয়ে প্রায় ৫ বছর পর ইরাকের দক্ষিণাঞ্চলে ব্রিটিশ নিয়ন্ত্রণের অবসান ঘটল। ইরাকের প্রধান তেল রপ্তানীকারক নগরী বসরা ২০০৩ সাল থেকে ব্রিটিশ বাহিনীর নিয়ন্ত্রণাধীন ৪টি প্রদেশের সর্বশেষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 10:19 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

বসরা, ইরাক, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকি বাহিনীর হাতে রোববার সর্বশেষ প্রদেশ বসরার নিরাপত্তাভার হস্তান্তর করেছে ব্রিটিশ বাহিনী। এর মধ্য দিয়ে প্রায় ৫ বছর পর ইরাকের দক্ষিণাঞ্চলে ব্রিটিশ নিয়ন্ত্রণের অবসান ঘটল। ইরাকের প্রধান তেল রপ্তানীকারক নগরী বসরা ২০০৩ সাল থেকে ব্রিটিশ বাহিনীর নিয়ন্ত্রণাধীন ৪টি প্রদেশের সর্বশেষ। এর নিরাপত্তা ভার নেওয়া এখনও বাগদাদ সরকারের জন্য বিদেশি বাহিনী সাহায্য ছাড়া নিরাপত্তা রক্ষার সক্ষমতা প্রমাণে একটি বড় ধরনের পরীক্ষা। প্রাদেশিক গভর্নর মোহাম্মদ মোসবা আল-ওয়েলি বলেছেন, "আমরা এখন একটি ঐতিহাসিক মুহূর্ত এবং বিশেষ একটি দিনের সন্ধিক্ষণে অবস্থান করছি। বসরার ইতিহাসে এ এক মহান দিন।" ব্রিটিশ কমান্ডার মেজর জেনারেল গ্রহাম বিনস ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেন, "তারা কাজ করার সক্ষমতা অর্জন করেছে।" কিন্তু ইরাকের বৃহত্তম তেল রপ্তানীকারক নগরী বসরা অনেক বেশি জনবহুল এবং সম্পদশালী। এর অবস্থানও ইরাকর অন্যান্য প্রদেশগুলোর চেয়ে কৌশলগত দিক দিয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেকারণে এখানে সহিংসতার আশঙ্কাও বেশি। প্রতিদ্বন্দ্বী শিয়া দল, অপরাধী ও চোরাকারবারী চক্রের মধ্যে রক্তক্ষয়ী লড়াইক্ষেত্র হিসাবে চিহ্নিত হয়ে আছে বসরা নগরী। জঙ্গিরা এখানে কঠোর শরিয়া আইন প্রয়োগ করছে বলে পুলিশের অভিযোগ। তারপরও ইরাকি বাহিনী বলছে, তাদের ৩০ হাজার সেনা ও পুলিশ এই এলাকার নিরাপত্তাভার নিতে সক্ষম। ইরাকি বাহিনীর এই আত্মপ্রত্যয়ে আশাবাদী বসরাবাসীও। বসরার এক শিক্ষকের উক্তি, "দখলদ্বার ব্রিটিশ বাহিনীর হাত থেকে নিরাপত্তাভার ইরাকি বাহিনীর হাতে আসায় আজ আমরা খুশি। আপনারা সবার অবয়বেই এই আনন্দ দেখতে পাবেন। এটা অনেকটা বুকের ওপর থেকে ভারী বোঝা নেমে যাওয়ার মতো ব্যাপার।" তবে কেউ কেউ নিরাপত্তা রক্ষায় ইরাকি বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ২৮ বছর বয়সী বণিক ফয়সাল শারহান বলেন, "দায়িত্ব হস্তান্তর ভালো পদক্ষেপ। আমরা আশা করছি এই দায়িত্ব পালনে ইরাকি বাহিনী প্রস্তুত। তবে তারা পুরোপুরি প্রস্তুত তা আমি মনে করি না। দায়িত্ব হস্তান্তর আরও কিছুৃদিন পর হওয়া উচিত ছিল।" বসরার দায়িত্ব হস্তান্তরের পর ইরাকে ব্রিটিশ বাহিনীর আর মাত্র ৪ হাজার ৫০০ সেনা রইল। ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, ২০০৮ সালের মাঝামাঝি নাগাদ সেনা সংখ্যা ২ হাজার ৫০০ তে নামিয়ে আনা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৪ঘ.