গাজা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হামাস নিয়ন্ত্রিত গাজায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা শুক্রবার ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সরকারের শীর্ষ উপদেষ্টা ওমর আল-ঘোউল অপহরণ এবং এর পরপরই ইসরায়েলের গুলিতে নিহত তিন ফিলিস্তিনি গেরিলার শেষকৃত্যে বোমা বিস্ফোরণে তিন ফাতাহ সদস্যের মৃত্যুর ঘটনায় গাজায় উত্তেজনা বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বী ফাতাহ ও হামাস দলগুলোর মধ্যে উত্তেজনায় গাজা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
হামাস ঘোউলকে অপহরণের দায় স্বীকার করেছে। হামাস গত জুনে গাজা দখল করার পর আব্বাস সরকারের শীর্ষ কর্মকর্তা অপহরণের এমন ঘটনা এটিই প্রথম।
এর আগে ফাতাহ জানায়, প্রধানমন্ত্রী সালাম ফায়েদের উপদেষ্টা ওমর আল-ঘোউলকে গাজায় তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ঘোউল পশ্চিম তীর থেকে গাজার বাড়িতে যাওয়ার পরদিনই তাকে অপহরণ করা হয়। পরে হামাস এ ঘটনার সত্যতা স্বীকার করে।
হামাস পরিচালিত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এহাব আল জেইন বলেছেন, " আমরা ঘোউলকে আটক করেছি। তিনি আইন লঙ্ঘন করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।"
হামাস গাজা দখলের পর আব্বাস হামাস সরকার ভেঙে দিয়ে পশ্চিম তীরে ফায়েদকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার প্রতিষ্ঠা করেন। ঘোউল গত তিন মাস পশ্চিম তীরের রামাল্লাতেই ছিলেন। তার পরিবার ছিল গাজায়। ঘোউল হঠাৎ কেন গাজায় গেলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়েদের তথ্যমন্ত্রী রিয়াদ আল মালিকি এ অপহরণ ঘটনার জন্য হামাসের হয়ে কাজ করে আসা অপরাধীদের দায়ী করেছেন। তিনি অবিলম্বে ঘোউলের মুক্তি দাবি করেন।
মালিকি বলেন, "হামাস ও তার সাঙ্গপাঙ্গরা ঘোউলের জীবন হুমকির মুখে ফেলার জন্য দায়ী।" গাজার দুয়ার ফাতাহ সংশ্লিষ্টদের জন্য বন্ধ--- এ ঘটনা তারই ইঙ্গিত বহন করে বলে মালিকি মন্তব্য করেন।
উল্লেখ্য, ঘোউল কেবল আব্বাস সরকারের শীর্ষ উপদেষ্টাই নন, তিনি একইসঙ্গে পত্রিকার কলামিস্ট এবং হামাসের কট্টর সমালোচক।
আব্বাস টেলিভিশনে এক ভাষণে অপহরণ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং ফিলিস্তিনি গেরিলাদের শেষকৃত্যে বোমা বিস্ফোরণ ঘটানোর জন্য হামাসকে দায়ী করেছেন। ওই বোমা হামলায় ৩ ফাতাহ সদস্য নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।
হামাস এ অভিযোগ অস্বীকার করে বলেছে, শেষকৃত্যে যোগ দিতে আসা লোকজনদের হাত থেকেই দুর্ঘটনাক্রমে গ্রেনেড পড়ে গিয়ে ওই বিস্ফোরণ ঘটেছে।
ফাতাহ-হামাসের এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে হামাস শনিবার দলের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্যোগ নিতে শুরু করায় গাজায় আরও বেশি উত্তেজনা দেখা দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৭ঘ.
bdnews24