কাবুল, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে তালেবানদের শক্ত ঘাঁটি মুসা কালা পুনর্দখলের লড়াইয়ে শ'শ' তালেবান জঙ্গি নিহতের দাবি করেছে ন্যাটো-আফগান বাহিনী। সেইসঙ্গে বহু তালেবান আহত এবং আটক হয়েছে বলেও জানিয়েছে তারা। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে।
আফগান ও ন্যাটো বাহিনী মঙ্গলবার তালেবানদের শক্ত ঘাঁটি মুসা কালা পুনর্দখল করে। আফগান সেনারা মুসা কালার দখল নেওয়ার চেষ্টায় সোমবার শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করে। মুখপাত্র জহির আজিমি কাবুলে ন্যাটো পরিচালিত ইসাফ বাহিনীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, "মুসা কালা তালেবান জঙ্গি মুক্ত। আমাদের সেনারা এখন শহরের দখল নিয়ে নিয়েছে।"
মুসা কালার অবস্থান হেলমান্দ প্রদেশের উত্তরে। এটি পুনর্দখল করাটা আফগান সরকার ও এর পশ্চিমা সমর্থকদের জন্য লড়াইয়ে বড় ধরনের জয়। আজিমি বলেন, "শহরের বাদবাকী তালেবান জঙ্গিদের হটিয়ে দেওয়ার জন্য সেখানে এখনও অভিযান চলছে।"
প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র জহির আজিমি এক সংবাদ সম্মেলনে বলেন, " সফল ওই অভিযানে মুসা কালার ইসাফ এবং আফগান সেনাদের হাতে কয়েকজন কমান্ডারসহ শ'শ' জঙ্গি মারা পড়েছে, আরও অনেকেই আহত হয়েছে কিংবা আটক হয়েছে।"
তবে তিনি বলেন, "সঠিক কতজন জঙ্গি মারা পড়েছে তা অবশ্য আমরা বলতে পারছি না। কারণ, আমরা এখনও মুসা কালা থেকে জঙ্গিদের মৃতদেহ সংগ্রহ করছি।"
শুক্রবার থেকে শুরু হওয়া ওই অভিযানে হাজার হাজার আফগান, ব্রিটিশ ও মার্কিন সেনা মুসা কালা শহর ঘিরে ফেলে। তাদেরকে প্রতিহত করতে প্রতিরোধ গড়ে তোলে শ'শ' তালেবান যোদ্ধা। কিন্তু সেনাদের সম্মিলিত আক্রমণ, বিমান ও গোলা হামলায় সে প্রতিরোধ ভেঙে পড়ে।
লড়াইয়ে দুই ব্রিটিশ সেনা নিহত হয়েছে। এলাকা ছেড়ে পালিয়েছে শ' শ' আফগান। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, "শান্তি ও স্থিতিশীলতার শত্র" ও সন্ত্রাসীরা আফগান ও ন্যাটো সেনাদের সম্মিলিত আক্রমণের মুখে টিকতে পারেনি। এতে তাদের নিশ্চিত পরাজয় হয়েছে।"
উল্লেখ্য, তালেবানদের কাছ থেকে প্রচণ্ড হামলার শিকার হয়ে গত বছর অক্টোবরে ব্রিটিশ সেনারা মুসা কালা থেকে সরে আসে। এ বছর তারা আবার ওই শহর দখল করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩০ঘ.
bdnews24