২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিনহাউস গ্যাস নির্গমনের লক্ষ্যমাত্রা নিয়ে বালি সম্মেলনে অচলবস্থা

বালি সম্মেলনের শেষ মুহূর্তেও বিশ্ব উষ্ণয়ন রোধে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারন নিয়ে অচলবস্থা সৃষ্টি হয়েছে। ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলনে শেষ হচ্ছে ১৪ ডিসেম্বর শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 10:37 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

নুসা দুয়া, ইন্দোনেশিয়া, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বালি সম্মেলনের শেষ মুহূর্তেও বিশ্ব উষ্ণয়ন রোধে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারন নিয়ে অচলবস্থা সৃষ্টি হয়েছে। ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলনে শেষ হচ্ছে ১৪ ডিসেম্বর শুক্রবার। কিন্তু গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা নিয়ে সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা এখনও বাক বিণ্ডায় লিপ্ত। নেতারা অবিলম্বে এই বিরোধের অবসান না ঘটালে জলবায়ু আলোচনা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। জাতিসংঘের শীর্ষ জলবায়ু বিষয়ক কর্মকর্তা ইউভো ডি বোয়ের বৃহস্পতিবার একথা বলেছেন। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা মানতে নারাজ যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারত। ইইউ চায় উন্নত দেশগুলো এ সম্মেলনেই ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমণ ২৫ থেকে ৪০ শতাংশ হ্রাস করতে অঙ্গীকারাবদ্ধ হোক। কিন্তু গ্রিনহাউস গ্যাস নির্গমন নির্দিষ্ট মাত্রায় কমানোর কোনো বাধ্যবাধকতা মানতে রাজি নয় যুক্তরাষ্ট্র, কানাডা ও জাপান। উন্নয়নশীল দেশগুলো এরকম বাধ্যবাধকতা মেনে নিতে হতে পারে বলে শঙ্কায় আছে। বন রক্ষায় দরিদ্র দেশগুলোকে অর্থনৈতিকভাবে পুরস্কৃত করার পদক্ষেপ এ ক'দিনে বালি সম্মেলনে একমাত্র অগ্রগতি। বোয়ের বলেন সম্মেলনে আলোচনার গতি নিয়ে আমি উদ্বিগ্ন। কিয়োটা প্রটোকল পরবর্তী চুক্তি করার জন্য দুবছরব্যাপী আলোচনা শুরু করার সঠিক পরিভাষা নিয়েই সম্মেলনের প্রতিনিধিরা এখনও একমত হতে পারেননি। আর এ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে সম্পূর্ণ প্রচেষ্টাই বিফলে যাবে বলে বোয়ের মন্তব্য করেন। ইইউ একমত পোষণ করে বলেছে, বিশ্ব উষ্ণয়ন রোধের পদক্ষেপ নিয়ে আলোচনা শুরুর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে বালি সম্মেলন করতে আসার সব কষ্টই অর্থহীন হয়ে পড়বে। এর আগে ২০০৯ সালের মধ্যে একটি নতুন জলবায়ু চুক্তি করার জন্য বুধবার বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বালিতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে ১২০টিরও বেশি দেশের পরিবেশ মন্ত্রীদের এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে তার বক্তৃতায়, বালি রোডম্যাপে শিল্পোন্নত দেশগুলোর জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের ২০২০ লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও উন্নয়নশীল দেশগুলোর বিরোধে জড়িয়ে পড়েন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, নির্গমনের লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে বিশদ আলোচনা করে সে বিষয়ে পরেও সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন এ সম্মেলনের কাজ হল কিয়োটো প্রটোকলের স্থলাভিষিক্ত করতে ২০০৯ সালের মধ্যে নতুন একটি জলবায়ু চুক্তির বিষয়ে একমত হওয়া। অনেকটা ওয়াশিংটনের কথার প্রতিধ্বনি করে বান কি মুন বলেন, "বাস্তব কথা হচ্ছে বিস্তারিত নির্ধারণের বিষয়টি আমাদেরকে পথে নেমেই করতে হবে।" ২০২০ সালের মধ্যে শিল্পোন্নত দেশগুলোর জন্য নির্গমনের মাত্রা নব্বই সালের স্তরের চেয়ে ২৫-৪০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া প্রসঙ্গে তিনি একথা বলেন। বালি রোডম্যাপে এই লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছে চীন,ভারত, ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নও উন্নয়নশীল দেশগুলোর পক্ষ নেওয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কানাডা ও জাপানের মতো শিল্পোন্নত দেশগুলো অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। আরেক শিল্পোন্নত দেশ অস্ট্রেলিয়া এবার কিয়োটো স্বাক্ষর করে সম্মেলন মাতিয়ে রাখলেও এ বিতর্কে কোনো পক্ষ নেয়নি তারা। তবে, নির্গমন মাত্রা বেঁধে দেওয়ার পক্ষে না দাঁড়ালেও ২০০৯ সালের মধ্যে নতুন চুক্তির বিষয়ে উচ্চকন্ঠ ছিলেন জাতিসংঘ মহাসচিব। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, বন্যা, ঝড়-জলোচ্ছ্বাস, খরা, দুর্ভিক্ষসহ বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার মতো ভয়াবহ দুর্যোগ ঠেকাতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করতে পারাকে "আমাদের প্রজন্মের জন্য নৈতিক চ্যালেঞ্জ" বলে উল্লেখ করেন বান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩০ঘ.