পেশওয়ার, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচন বয়কটের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে রুখতে জোরেসোরে নির্বাচনী প্রচারাভিযানে নেমেছে পাকিস্তানের প্রধান বিরোধীদলগুলো। নির্বাচনে কারচুপি ও জালিয়াতির আশঙ্কার মাঝেও সাবেক দুই প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও নওয়াজ শরীফ দেশজুড়ে সভা-সমাবেশ শুরু করেছেন। এরই মধ্যে ওয়াজিরিস্তনে বুধবার সংঘর্ষে নিহত হয়েছে ছয় সেনা ও ১৫ জঙ্গি। এক সেনা মুখপাত্র একথা জানিয়েছেন।
বয়কটের পরিকল্পনা বাদ দিয়ে প্রধানদলগুলো নির্বাচেন অংশ নেওয়ার সিদ্ধান্তে নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকটা বেড়েছে। শনিবার প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচারাভিযান পুরোদমে শুরু হওয়ার আগে নেতাকর্মীরাও দলীয় কর্মকাণ্ড একটু ঝালিয়ে নিচ্ছেন।
অন্যতম বিরোধীদল পাকিস্তান পিপলস্ পার্টির (পিপিপি) নেতা বেনজির ভুট্টো বুধবার উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশওয়ারের নিকটবর্তী নওশের শহরে সমাবেশ করেছেন। এখানকার কিছু আদিবাসী এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে লড়ছে জঙ্গিরা।
অন্যদিকে, পাঞ্জাবে জনসমাবেশের প্রস্তুতি নিচেছন পাকিস্তান মুসলিম লীগের (এন) নেতা নওয়াজ শরীফ। এটা তার শক্তির মূল ঘাঁটি।
মুসলিম লীগের মুখপাত্র আহসান ইকবাল বলেন, "প্রচারণায় পুরোদমে নেমে পড়ার আগে এই সমাবেশ হবে দলের নেতাকর্মীদের জন্য অনুশীলন ম্যাচ।"
বিরোধীদের মধ্যে নির্বাচনী উত্তেজনা শুরু হয়ে গেলেও দেশজুড়ে জঙ্গিরা তৎপর সহিংস কর্মকাণ্ডে। বুধবারের জঙ্গি হামলাই তার প্রমাণ।
আফগান সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর একটি গাড়িবহরে তালেবানপন্থী জঙ্গিরা চোরাগোপ্তা হামলা চালালে বুধবার ১৫ জনের প্রাণহানি ছাড়াও ২০ জন সেনা আহত হয়েছে। সেনাবাহিনীর মেজর জেনারেল ওয়হীদ আরশাদ রয়টার্সকে একথা জানিয়েছেন।
পাকিস্তানের আগামী আট জানুয়ারির নির্বাচনে ত্রিপাক্ষিক লড়াই আশা করা হচ্ছে। এর মধ্যে নওয়াজ ও বেনজিরের নেতৃত্বে দুই দল লড়বে তৃতীয় পক্ষ মুশাররফপন্থী পাকিস্তান মুসলিম লীগের বিরুদ্ধে। ১৯৯৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়ার পর মুশারফের জন্য রাজনৈতিক ভিত্তি তৈরি করতেই পাকিস্তান মুসলিম লীগ গড়ে তোলা হয়।
বিরোধীদলগুলো মনে করছে নির্বাচনী প্রস্তুতির জন্য তারা পর্যাপ্ত সময় পাচ্ছে না। এছাড়া নির্বাচন স্বচ্ছ হবে কিনা তা নিয়েও তাদের আশঙ্কা আছে। তাদের ভয় নির্বাচনে মুশাররফের দলের প্রতি পক্ষপাতিত্ব হতে পারে।
তবে নির্বাচন মুশাররফের জন্য ভয়ঙ্কর হতে পারে। তিনি ঘোষণা দিয়েছেন এই সপ্তাহে জরুরি অবস্থা তুলে নেবেন। তার ওপর তিনি এখন সেনাপ্রধান নেই। এই অবস্থায় নির্বাচনী রায় তার বিপক্ষে গেলে অবস্থা সামাল দেওয়া তার জন্য কষ্ঠকর হয়ে উঠতে পারে।
অন্যদিকে বেনজির ভুট্টো জানিয়ে দিয়েছেন প্রয়োজনে নওয়াজের সঙ্গে জোট বাঁধবেন তবে মুশাররফের দিকে ভিড়বেন না। ওয়াশিংটন টাইমসকে তিনি বলেন, মুশাররফপন্থী দলের বিজয় কেউ মেনে নেবে না
তবে ছোট হলেও বেশ প্রভাবশালী দল জামাত-ই-ইসলামীর নেতা কাজী হুসেইন আহমেদ ভোট বয়কটের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এই নির্বাচন স্বচ্ছ হবে না কাজেই দলগুলোকে আমাদের সঙ্গে ভোট বয়কটের আহ্বান জানিয়েছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩৩ঘ.
bdnews24