২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৯ সালের মধ্যে জলবায়ু চুক্তি করুন: জাতিসংঘ মহাসচিব

২০০৯ সালের মধ্যে একটি নতুন জলবায়ু চুক্তি করার জন্য বুধবার বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বালিতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে ১২০টিরও বেশি দেশের পরিবেশ মন্ত্রীদের এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 10:31 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

নুসা দুয়া, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৯ সালের মধ্যে একটি নতুন জলবায়ু চুক্তি করার জন্য বুধবার বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বালিতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে ১২০টিরও বেশি দেশের পরিবেশ মন্ত্রীদের এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে তার বক্তৃতায়, বালি রোডম্যাপে শিল্পোন্নত দেশগুলোর জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের ২০২০ লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও উন্নয়নশীল দেশগুলোর বিরোধে জড়িয়ে পড়েন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, নির্গমনের লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে বিশদ আলোচনা করে সে বিষয়ে পরেও সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন এ সম্মেলনের কাজ হল কিয়োটো প্রটোকলের স্থলাভিষিক্ত করতে ২০০৯ সালের মধ্যে নতুন একটি জলবায়ু চুক্তির বিষয়ে একমত হওয়া। অনেকটা ওয়াশিংটনের কথার প্রতিধ্বনি করে বান কি মুন বলেন, "বাস্তব কথা হচ্ছে বিস্তারিত নির্ধারণের বিষয়টি আমাদেরকে পথে নেমেই করতে হবে।" ২০২০ সালের মধ্যে শিল্পোন্নত দেশগুলোর জন্য নির্গমনের মাত্রা নব্বই সালের স্তরের চেয়ে ২৫-৪০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া প্রসঙ্গে তিনি একথা বলেন। বালি রোডম্যাপে এই লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছে চীন,ভারত, ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নও উন্নয়নশীল দেশগুলোর পক্ষ নেওয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কানাডা ও জাপানের মতো শিল্পোন্নত দেশগুলো অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। আরেক শিল্পোন্নত দেশ অস্ট্রেলিয়া এবার কিয়োটো স্বাক্ষর করে সম্মেলন মাতিয়ে রাখলেও এ বিতর্কে কোনো পক্ষ নেয়নি তারা। তবে, নির্গমন মাত্রা বেঁধে দেওয়ার পক্ষে না দাঁড়ালেও ২০০৯ সালের মধ্যে নতুন চুক্তির বিষয়ে উচ্চকন্ঠ ছিলেন জাতিসংঘ মহাসচিব। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, বন্যা, ঝড়-জলোচ্ছ্বাস, খরা, দুর্ভিক্ষসহ বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার মতো ভয়াবহ দুর্যোগ ঠেকাতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করতে পারাকে "আমাদের প্রজন্মের জন্য নৈতিক চ্যালেঞ্জ" বলে উল্লেখ করেন বান। সম্মেলনে অংশ নেওয়া পরিবেশ মন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনাদের অবশ্যই একটা এজেন্ডা ঠিক করতে হবে। বিশ্ব জলবায়ুর জন্য একটি নিরাপদ ভবিষ্যতের রোডম্যাপ ঠিক করতে হবে। আর একটি নির্দিষ্ট সময়সীমার কথা মাথায় রেখেই তা করতে হবে। যাতে ২০০৯ সালের মধ্যেইর নতুন একটি চুক্তি করা সম্ভব হয়।" বান বলেন, ২০০৯ সালের শেষ দিকে কোপেনহেগেনের সম্মেলনে একটি নতুন জলবায়ু চুক্তি চায় জাতিসংঘ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১৫ ঘ.