২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী মার্কিন ঘাঁটি চায় না ইরাক

ইরাকের মাটিতে কখনওই যুক্তরাষ্ট্রকে স্থায়ী সামরিক ঘাঁটি গাড়তে দেওয়া হবে না। ইরাক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 11:28 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

বাগদাদ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইরাকের মাটিতে কখনওই যুক্তরাষ্ট্রকে স্থায়ী সামরিক ঘাঁটি গাড়তে দেওয়া হবে না। ইরাক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একথা বলেছেন। সোমবার রাতে প্রচারিত দুবাইভিত্তিক আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিরাপত্তা উপদেষ্টা মুবাফ্ফাক আল-রুবাই বলেন, " সন্ত্রাসবিরোধী যুদ্ধের জন্য আমাদের যুক্তরাষ্ট্রকে প্রয়োজন। কিছু সময়ের জন্য আমাদের সীমান্ত রক্ষার্থে তাদেরকে প্রয়োজন। অর্থনৈতিক, কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থনের জন্য আমাদের তাদের প্রয়োজন।" তিনি বলেন, "তবে আমি একটা কথা বলছি, ইরাকে যে কোনো বিদেশি সেনার স্থায়ী উপস্থিতি বা ঘাঁটি একটি হুমকি। আর তাই কোনো জাতীয়তাবাদী ইরাকিই তা মেনে নেবেন না।" ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের পর কার্যকর হওয়া জাতিসংঘের একটি অনুমোদনের আওতায় বর্তমানে ইরাকে প্রায় এক লাখ ৬০ হাজার মার্কিন সেনা মোতায়েন আছে। ওই অনুমোদন ২০০৮ সাল শেষ হওয়ার আগ পর্যন্ত এক বছরের জন্য নবায়ন করতে সোমবার জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে ইরাক। তবে, ইরাক এও পরিষ্কার করেছে যে, আগামী বছরের পর তারা আর এ মেয়াদ বাড়ানোর আবেদন জানাবে না। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এবং ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি দীর্ঘ মেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংক্রান্ত একটি "মূলনীতির ঘোষণায়" গত মাসে স্বাক্ষর করেছেন। অবশ্য, আগামী বছরের পরও ইরাকে মার্কিন সেনা থাকার বিষয়ে এখনও তাদের আলাপ-আলোচনা সম্পন্ন হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭১৭ ঘ.