২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে ১৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের সমতল এলাকা দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ তুষার ঝড়ে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া, বিদ্যুৎহীন হয়ে পড়েছে ছয় লাখের বেশি লোক। কর্তৃপক্ষ সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 08:09 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

কানসাস সিটি, যুক্তরাষ্ট্র, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের সমতল এলাকা দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ তুষার ঝড়ে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া, বিদ্যুৎহীন হয়ে পড়েছে ছয় লাখের বেশি লোক। কর্তৃপক্ষ সোমবার একথা জানিয়েছে। তুষার ঝড়ে বিস্তীর্ণ এলাকার আবহাওয়া হিমশীতল হয়ে পড়েছে। গাছ-পালা, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট ঢেকে আছে বরফে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওকলাহোমা। তুষার ঝড়ে এখানকার বিদ্যুৎ সরবরাহ লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎহীন হয়ে আছে এখানকার পাঁচ লাখের বেশি বাসিন্দা। ঠাণ্ডা ও অন্ধকার ঘর-বাড়ি ছেড়ে ওকলাহোমার অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় খাদ্য ও পানি সরবরাহ করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড এর সদস্যরা। ওকলাহোমার 'গ্যাস অ্যান্ড ইলেকট্রিক' কোম্পানির মুখপাত্র ব্রেইন আলফোর্ড জানিয়েছেন, কোম্পানির ইতিহাসে এবারই তাদের গ্রাহকরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। ওকলাহোমার বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য টেক্সাস, লুইজিয়ানা ও মিসিসিপি থেকে ক্রু পাঠানো হয়েছে। তুষার ঝড়ের ফলে মিসৌরির এক লাখ দুই হাজার, ইলিনইসের ১১ হাজার এবং কানসাসের প্রায় পাঁচ হাজার লোকও বিদ্যুৎহীন রয়েছেন। তুষার ঝড়ে আইওয়া এবং আরকানসাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। মিসৌরির গভর্নর ম্যাট ব্লান্ট রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ওকলাহোমা অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, তুষার ঝড়ের কারণে রাস্তায় বরফ জমে যাওয়ায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া, শীতে জমে একজনের মৃত্যু হয়েছে। মিসৌরিতে এক গাড়ি চালক অপর এক গাড়ি চালককে সাহায্য করতে গিয়ে মারা গেছেন। তুষার ঝড়ের কারণে শিকাগো, কানসাস সিটি, সেন্ট লুইস এবং ওকলাহোমা সিটির প্রধান বিমানবন্দরগুলোর শত শত ফ্লাইট বাতিল করা হয়। এদিকে, যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল ওয়েদার সার্ভিস' অফিস আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবার রাতে আরও একটি তুষার ঝড় বয়ে যেতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩৩৫ ঘ.