২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের এখনই সময়: গোর

"পৃথিবীতে যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপন করার এখনই সময়"-- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর সোমবার একথা বলেছেন। জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখার জন্য সোমবার নরওয়ের অসলোয় নোবেল পুরস্কার হাতে নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

অসলো, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- "পৃথিবীতে যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপন করার এখনই সময়"-- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর সোমবার একথা বলেছেন। জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখার জন্য সোমবার নরওয়ের অসলোয় নোবেল পুরস্কার হাতে নিয়ে তিনি এ মন্তব্য করেন। তার সঙ্গে যুগ্মভাবে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন জাতিসংঘের 'ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' আইপিসিসি'র চেয়ারম্যান রাজেন্দ্র পাচৌড়ি। আইপিসিসি চেয়ারম্যান রাজেন্দ্র পাচৌড়ি এবং আল গোর এ উপলক্ষ্যে রোববার অসলোয় পৌঁছান। অসলো সিটি হলে পুরস্কার গ্রহণের পর দেওয়া ভাষণে গোর বিজ্ঞানের প্রজ্ঞা সম্পর্কে জানতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে নেতাদের যোগ দেওয়ার আহ্বান জানান। গোর বলেন, "এ সত্য উপলব্ধি না করতে পেরে আমরা নিজেরাই পৃথিবীতে যুদ্ধের সূচনা করে চলেছি। বিশ্বে শান্তি স্থাপনের এখনই সময়।" পৃথিবী আজ জ্বরা, ব্যাধিগ্রস্ত উল্লেখ করে গোর বলেন, " বিশ্বে প্রতিদিন ৭০ মিলিয়ন টন উষ্ণায়ন জনিত দূষণ ঘটে চলেছে। সর্বপোরি পরিবেশ দূষিত হচ্ছে কার্বন ডাই অক্সাইড নির্গমন থেকে। কয়েক দশক আগে বিজ্ঞানীরা পরমাণু অস্ত্রের শীতল লড়াইয়ের যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তার পরিবর্তে বিশ্ব এখন কার্বনের উষ্ণতার মুখোমুখি হয়েছে।" গোর আরও বলেন, "বিশ্ব নেতারা শেষ মুহূর্তে সঠিক অভিধা খুঁজে পাওয়ায় গত প্রজন্ম মানবসভ্যতাকে বাঁচানোর সাহস দেখাতে পেরেছিল। এবার আবারও সেই শেষ মুহূর্ত চলে এসেছে।" নোবেল পুরস্কার নেওয়ার প্রাক্কালে জলবায়ু পরিবর্তন আন্দোলনকে ৮০'র দশকের 'পরমাণু বোমা নিষিদ্ধকরণ' আন্দোলনের সঙ্গে তুলনা করেন আল গোর। গোর বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব নেতৃবৃন্দকে প্রভাবিত করতে "জনগণের-শক্তির" বিজয় অর্জিত হবে বলে আশাবাদী তিনি। জলবায়ু পরিবর্তন আন্দোলনকে আশির দশকের শেষার্ধের "ব্যান দ্য বোম্ব" (পরমাণু বোমা নিষিদ্ধকরণ) আন্দোলনের সঙ্গে তুলনা করে গোর বলেন, জলবায়ুর ইস্যু আরও শক্তিশালী এবং এ লক্ষ্যে আন্দোলনও হতে হবে বিশ্বব্যাপী আরও বিস্তীর্ণ পরিসরে। আশির দশকের শেষ দিকে পরমাণু নিষ্ক্রিয়করণের আন্তর্জাতিক আন্দোলনের প্রভাবে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এবং সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করতে বাধ্য হন। আল গোর বলেন,"আমার আশাবাদী হওয়ার একটা কারণ রয়েছে। এটা হল আমার নিজের দেশ আমেরিকা এবং অন্যত্রও জলবায়ু ইস্যুতে বিশ্বের প্রথম জনগণের ক্ষমতায়নের আন্দোলনের উত্থান দেখতে পাচ্ছি আমি।" গোর বলেন, "আমার ঐকান্তিক প্রত্যাশা, একটি কার্যকর চুক্তির মাধ্যমে বিশ্বকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্রিয় করে তোলার ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বালি সম্মেলনে।" অসলোতে নোবেল পুরস্কার নেওয়ার পর জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে যাওয়ার কথা রয়েছে গোর ও পাচৌড়ির। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৯১১ঘ.