বেইজিং, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বেঁচে থাকার আপ্রাণ চেষ্টায় কাগজ ও সিদ্ধ করা চামড়ার বেল্ট খেতে হয়েছে চীনের ১১ খনি শ্রমিককে। প্রায় ছয়দিন তারা একটি কয়লা খনির নীচে আটকে ছিলেন। সে সময় তাদের কাছে কোনো খাবার না থাকায় এমনটা করতে বাধ্য হন তারা। সোমবার স্থানীয় সংবাদ মাধ্যম একথা জানিয়েছে।
বেইজিং নিউজ পত্রিকা জানিয়েছে, চীনের উত্তরাঞ্চলের বেআইনি ওই কয়লা ও স্বর্ণের খনিতে গত সোমবার একটি টানেল ধসে পড়লে তারা খনিটির নীচে আটকা পড়েন। রোববার সকালে তাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তাদের একজন ৩৩ বছর বয়সী উ পেংইয়ং। তিনি বলেন, "ক্ষুধা লাগার পর প্রথমে আমরা পত্রিকার পাতা খেয়েছি। এরপর কমলার খোসা খেয়েছি।"
উ বলেন, "তারপর আমরা সত্যিকারেই ক্ষুধার্ত হই। আমার একটা চামড়ার বেল্ট ছিল। আমি সেটা সিদ্ধ করি। কিন্তু সেটা রান্না করা যাচ্ছিল না। আধা-সিদ্ধ বেল্টটি তখন আমি ভাগ করে সবাইকে খেতে দেই।"
পত্রিকাটি জানিয়েছে, খনি মালিক দুর্ঘটনার খবরটি চেপে গিয়ে নিজেই উদ্ধার তৎপরতা শুরু করার চেষ্টা করেছিল। স্থানীয় কর্তৃপক্ষও উদ্ধার তৎপরতার বিস্তারিত প্রকাশ করতে ব্যর্থ হয়েছিল। এছাড়া, ঘটনাস্থল থেকে সাংবাদিকরা যাতে রিপোর্টিং করতে না পারে সেজন্য নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল।
প্রসঙ্গত, চীনের খনি শিল্পই বিশ্বের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রতি বছরই এখানকার খনিতে ঘটে নানা ধরনের দুর্ঘটনা। এতে প্রাণহানি হয় হাজার হাজার লোকের। অবৈধভাবে পরিচালিত এসব খনির মালিকরা দুর্ঘটনার পর নিজেদের উদ্যোগে উদ্ধার তৎপরতা চালাতে গেলে বেড়ে যায় প্রাণহানির সংখ্যা।
এদিকে, পৃথক এক প্রতিবেদনে সাংহাই ডেইলি পত্রিকা জানিয়েছে, শানঝি প্রদেশের দুর্ঘটনা কবলিত খনির মালিককে খুঁজছে পুলিশ। খনিটিতে বুধবার এক বিস্ফোরণের ফলে দুর্ঘটনা হয় এবং এ পর্যন্ত সেখান থেকে ১০৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৫৮ ঘ.
bdnews24