২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে ২০২০ লক্ষ্যমাত্রা থেকে সরে এল জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর ২০২০ সালের লক্ষ্যমাত্রা থেকে সরে এল বালির জাতিসংঘ জলবায়ু আলোচনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 10:30 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

নুসা দুয়া, ইন্দোনেশিয়া, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর ২০২০ সালের লক্ষ্যমাত্রা থেকে সরে এল বালির জাতিসংঘ জলবায়ু আলোচনা। সম্মেলনের চূড়ান্ত খসড়া প্রস্তাবনায় ২০২০ সালের মধ্যে ধনী দেশগুলোর নির্গমন মাত্রা ১৯৯০ সালের স্তরের চেয়ে ২৫-৪০ ভাগ কমিয়ে আনার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শিল্পোন্নত দেশগুলোর বিরোধিতার মুখে তা প্রত্যাহার করে নেওয়া হয়। সম্মেলনে অংশ নেওয়া এক প্রতিনিধি রয়টার্সকে জানান, শনিবার দিন খসড়া প্রস্তাবনায় নির্গমন কমানোর প্রস্তাবিত ওই হারের উল্লেখ থাকলেও যুক্তরাষ্ট্রসহ জাপান ও কানাডার বিরোধিতার মুখে তা প্রত্যাহার করা হয়। স্বাগতিক ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ওই খসড়া প্রস্তাবনার রচয়িতা। (আরও তথ্যসহ) ২০০৯ সালের মধ্যে নতুন একটি জলবায়ু চুক্তির রোডম্যাপ প্রণয়ন করতে বালি সম্মেলনে যোগ দিয়েছে ১৯০টি দেশ। কিন্তু ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নিয়ে শিল্পোন্নত দেশগুলোকে রাজি করাতে ব্যর্থ হল বালির আয়োজকরা। সম্মেলনে মার্কিন প্রতিনিধি হারলান ওয়াটসন বলেন, "ফলাফল কি হতে পারে তা আগে ভাগেই বিচার করা হয়ে যাচ্ছে।" ২৫-৪০ ভাগ নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নিয়ে মার্কিন প্রতিনিধি বলেন," আমরা সংখ্যা নির্দিষ্ট করে নিয়ে কাজ শুরু করতে চাই না।" এক সংবাদ সম্মেলনে ওয়াটসন আরও বলেন, জাতিসংঘ জলবায়ু প্যানেলের এ লক্ষ্যমাত্রা নির্ধারণ "অনেক অনিশ্চয়তার অনুমান" নির্ভর। সে তুলনায় তেমন উল্লেখযোগ্য বৈজ্ঞানিক গবেষণা প্রসূত নয়। মার্কিন প্রতিনিধি আরও জানান, " কিয়োটো প্রটোকল সম্পর্কে আমাদের মনোভাবেরও কোনো পরিবর্তন হয়নি।" তবে বালি সম্মেলনে নতুন চুক্তির প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থন দেবে এবং নতুন চুক্তিতে মার্কিনিরা যোগ দেবে বলেও জানান ওয়াটসন। যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপান এবং কানাডাও ২০২০ সালের মধ্যে ধনী দেশগুলোর গ্যাস নির্গমন কমানোর জাতিসংঘ লক্ষ্যমাত্রার বিরোধিতা করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/এমএ /১৬৫৮ ঘ.