কাবুল, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমন্দ প্রদেশের মুসা কালা শহরে অভিযানের সময় যৌথবাহিনী দুই তালেবান কমান্ডারকে আটক করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার একথা জানায়। তালেবানদের দখলে থাকা একমাত্র এ শহরের দখল নিতে আফগান ও ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী গত শুক্রবার থেকে এ অভিযান শুরু করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতে জানানো হয়, অভিযানের সময় মোল্লাহ মতিন আখন্দ ও মোল্লাহ রহিম আখন্দ নামে দুই তালেবান কমান্ডারকে আটক করেছে যৌথবাহিনী। রহিম আখন্দ তালেবানদের নিযুক্ত হেলমন্দ প্রদেশের গর্ভনর এবং মতিন আখন্দ মুসা কালা জেলার গর্ভনর।
তালেবানদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, "মুসা কালার তালেবানদের অবশ্যই অস্ত্রত্যাগ করে আত্মসমর্পণ করতে হবে তা না হলে আফগান বহিনী তাদের ধ্বংস করবে।"
অভিযানে তালেবানদের ক্ষয়ক্ষতি সম্পর্কে ন্যাটোবাহিনী কিছু না জানালেও আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছিল, অভিযানে ১২ তালেবান জঙ্গি ও ক্রসফায়ারে পড়ে দুই শিশু নিহত হয়েছে।
অন্যদিকে তালেবানদের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের যোদ্ধারা এ পর্যন্ত ৩০ ন্যাটো ও আফগান সেনাকে হত্যা করেছে। মুখপাত্র কারী মুহম্মদ ইউসুফ জানান, তারা ব্যাঙ্কার খুঁড়ে প্রস্তুত আছে, ন্যাটো বাহিনী অগ্রসর হলে তাদেরকে ধ্বংস করা হবে।
অভিযান শুরুর পর শতশত মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে। আশা করা হচ্ছে অভিযান আরও কয়েকদিন চলবে।
মুসা কালা শহরের দখল নিতে গত শুক্রবার থেকে জোরালো অভিযান শুরু করে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী। অভিযানে সেনাবাহিনীকে সহায়তা করছে যুদ্ধবিমান ও হেলিকপ্টার গানশিপ।
আদিবাসী নেতা এবং ন্যাটো কমান্ডের নেতৃত্বাধীন ব্রিটিশ সেনাদের মধ্যকার বিতর্কিত একটি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর গত ফেব্র"য়ারি মাস থেকে মুসা কালা শহরের দখল নিয়ে আছে তালেবান যোদ্ধারা।
তালেবানদের বিতাড়িত করে মুসা কালা শহরের পুনর্দখল নেওয়ার লক্ষ্যে এ বছরেই আফগান এবং বিদেশি সেনারা বেশ কয়েকবার অভিযান চালিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২০০ঘ.
bdnews24