ইসলামাবাদ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিরোধীদলগুলোর সঙ্গে নির্বাচন বয়কটের সমঝোতায় ব্যর্থ হয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল 'পাকিস্তান মুসলিম লীগ (এন)' এখন নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। দলের এক মুখপাত্র রোববার একথা জানিয়েছেন।
আগামী ৮ জানুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে বেকায়দায় ফেলতে নওয়াজ চেয়েছিলেন বিরোধীদলগুলো একসঙ্গে নির্বাচন বয়কট করবে। কিন্তু দেশটির অন্যতম বিরোধীদল ও নওয়াজের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পাকিস্তান পিপল পার্টি ও অন্যদের সঙ্গে এ নিয়ে তিনি মতৈক্যে পৌঁছাতে পারেননি। ফলে নির্বচনে অংগ্রহণ ছাড়া এখন তার দলের পক্ষে কিছুই করার নেই।
পকিস্তান মুসলিম লীগের নওয়াজপন্থী অংশের মুখপাত্র আহসান ইকবাল বলেন, "বেনজির ভুট্টোর দলের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় নওয়াজ শরীফ চাচ্ছেন না নির্বাচনের মাঠ মুশাররফপন্থীদের জন্য ছেড়ে দিতে। তিনি নির্বচনকে গণভোটে পরিণত করতে চান।"
তিনি আরও বলেন, "নির্বাচন বয়কট প্রশ্নে যেহেতু বিরোধীদলগুলো একমত হতে পারেনি সেহেতু নওয়াজ নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে।"
দলের মুখপাত্র ইকবাল জানান, সেনা প্রধান থাকা অবস্থায় গত ৩ নভেম্বর পারভেজ মুশাররফের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা প্রশ্নে নওয়াজ শরীফ এই নির্বাচনকে গণভোটে রূপ দিতে চান।
আহসান ইকবাল বলেন, "বিচার ব্যবস্থার পুনপ্রতিষ্ঠার জন্য জনগণকে আমাদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাব। এতে করে পারভেজ মুশাররফের প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পার্লামেন্টে দাবি তুলতে পারব।"
বরখাস্ত করা বিচারকদের নির্বাচনের আগে স্বপদে ফিরিয়ে আনার দাবিতে একমত হতে পারেননি নওয়াজ ও বেনজির। এছাড়া তাদের দু'পক্ষের সম্মিলিত অন্যান্য দাবি পূরণের জন্য মুশাররফকে সময়সীমা বেঁধে দেওয়ার ব্যাপারেও তাদের পক্ষে মতৈক্য হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এজে/১৭২০ ঘ.
bdnews24