লিসবন, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পর্তুগালের রাজধানী লিসবনে শনিবার ইউরোপ ও আফ্রিকার নেতাদের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী মহাদেশ ইউরোপ এবং সবচেয়ে দরিদ্র আফ্রিকার মধ্যে সাত বছরের মধ্যে এটাই প্রথম শীর্ষ সম্মেলন। তবে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের উপস্থিতির কারণে সম্মেলন বয়কট করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। এমন পরিস্থিতিতে দুই মহাদেশের নেতাদের এ শীর্ষ সম্মেলন কতোটা সফল হবে তা নিয়ে সন্দিহান অনেকে।
বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্লক এবং সবচেয়ে দরিদ্র মহাদেশের নেতারা এ সম্মেলনে উচ্চাকাঙ্খী একটি কর্মপরিকল্পনা অনুমোদন করতে পারেন বালে ধারণা করা হচ্ছে। এ কর্মপরিকল্পনার অন্যতম উদ্দেশ্য বাণিজ্যিক সম্পর্ক এবং অভিবাসন ও শান্তিরক্ষার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে সহযোগিতা জোরদার করা।
কিন্তু নতুন বাণিজ্য চুক্তি নিয়ে বিদ্যমান মতবিরোধ এবং মুগাবের উপস্থিতির ফলে সম্মেলন শুরু হওয়ার আগে থেকেই লিসবনের পরিবেশ অনেকটা ঘোলাটে হয়ে উঠেছে। পশ্চিমাদের অভিযোগ, মুগাবে একজন স্বৈরশাসকের মতো শাসন করছেন এবং তার দেশের অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রাউন ছাড়াও চেক রিপাবলিকের প্রেসিডেন্টও এ শীর্ষ সম্মেলন উপস্থিত হননি।
মুগাবের উপস্থিতির বিষয়কে কেন্দ্র করে এর আগে দুই মহাদেশের মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। তবে আফ্রিকায় চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টিকে মাথায় রেখে এবার ইইউ জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। মুগাবে বৃহস্পতিবার রাতে লিসবন পৌঁছান।
ইইউ'র বর্তমান সভাপতি ও এ সম্মেলনের আয়োজক পর্তুগাল মুগাবে-বিতর্ককে তেমন আমলে নেয়নি। পর্তুগাল বলছে, এখানে কোনো "বিধি-নিষেধ থাকবে না" এবং মতভেদের কাছে মাথা নত করবে না সম্মেলন।
এছাড়া, এ সম্মেলন হওয়ার প্রয়োজনীয়তার ওপর ব্যাপক গুরুত্বারোপ করে আসছিলেন ইইউ'র কর্মকর্তারা।
ইইউ'র 'এইড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশনার' লুইস মিশেল বলেন, "দুই প্রতিবেশী মহাদেশ আফ্রিকা ও ইউরোপের ইতিহাস পারষ্পরিক জটিলতায় পূর্ণ। আজ তারা একটি নতুন অংশীদারিত্ব গড়া এবং উত্তরের দাতা ও দক্ষিণের লাভবানদের মধ্যকার নিস্ফলা সম্পর্ক পরিত্যাগের বিষয়ে দৃঢ়প্রতীজ্ঞ।"
এর আগে ২০০০ সালে মিসরে আফ্রিকা ও ইউরোপের মধ্যকার সর্বশেষ শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৪০ ঘ.
bdnews24