২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ১৫ ডিসেম্বর জরুরি অবস্থা প্রত্যাহার

পূর্ব ঘোষণার চেয়ে একদিন আগে আগামী ১৫ ডিসেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জরুরি অবস্থা প্রত্যাহার এবং স্থগিত থাকা সংবিধান পুনর্বহাল করবেন। শনিবার দেশটির অ্যাটর্নি জেনারেল মালিক মোহাম্মাদ কাইয়ুম একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 05:28 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পূর্ব ঘোষণার চেয়ে একদিন আগে আগামী ১৫ ডিসেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জরুরি অবস্থা প্রত্যাহার এবং স্থগিত থাকা সংবিধান পুনর্বহাল করবেন। শনিবার দেশটির অ্যাটর্নি জেনারেল মালিক মোহাম্মাদ কাইয়ুম একথা জানিয়েছেন। মুশাররফ এর আগে দেশি-বিদেশি চাপের মুখে আগামী ১৬ ডিসেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। অ্যাটর্নি জেনারেল কাইয়ুম টেলিফোনে রয়টার্সকে বলেন, "১৫ তারিখে জরুরি অবস্থা প্রত্যাহার হবে।" তবে মুশাররফ কেন একদিন আগে এ পদক্ষেপ নিতে চলেছেন সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, "প্রত্যেকে বলছে, জরুরি অবস্থা অবশ্যই প্রত্যাহার করতে হবে। তাই তা আগে-ভাগে হওয়াই ভাল।" তিনি আরও বলেন, ১৬ ডিসেম্বর রোববার (সরকারি ছুটির দিন) হওয়ায় হয়তো এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে, মুশাররফের মুখপাত্র জানিয়েছেন, জরুরি অবস্থা প্রত্যাহারের তারিখ এগিয়ে আনা হয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু জানেন না। প্রসঙ্গত, বৈরি বিচারালয় এবং ক্রম বর্ধমান জঙ্গি তৎপরতার কথা উল্লেখ করে গত ৩ নভেম্বর জরুরি অবস্থা জারি করেন মুশাররফ। এর পরপরই তিনি সংবিধান স্থগিত করে অধিকাংশ বিচারককে বরখাস্ত করে তার অনুগত বিচারকদের দিয়ে সেসব শূন্য পদ পূরণ করেন। সমালোচকরা বলে আসছেন, ৬ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সেনাপ্রধান থাকা অবস্থায় প্রতিদ্বন্দ্বিতা করার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর রায় যাতে মুশাররফের বিরুদ্ধে না যায় মূলত সে লক্ষ্যেই জরুরি অবস্থা জারি করে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরিসহ অধিকাংশ বিচারককে বরখাস্তা করেন তিনি। ওই নির্বাচনে মুশাররফ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে বিজয়ী হন এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেনাপ্রধান থাকা অবস্থায় প্রেসিডেন্ট পদে তার নির্বাচন করার বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলা খারিজ করে দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১১৫ ঘ.