মুম্বাই, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যৌনপল্লীর মালিকদের থেকে নেওয়া ঋণের টাকা শোধ করতে বারবার নিজের দেহ বিলিয়ে দিতে হত ভারতের মুম্বাইয়ের কামাথিপুরার যৌনকর্মীদের । কিন্তু তারপরও ঋণের টাকা আর শোধ হত না, অভাবও তাদের ঘুচত না। কিন্তু সেই সব যৌনকর্মী এখন মালিকের টাকা শোধ করে নিজের বাড়ি তৈরি ও সন্তানদের লেখাপড়া শেখানোর স্বপ্ন দেখছে। এই স্বপ্ন দেখাচ্ছে নিজেদের জন্য তাদেরই গড়া একটি ব্যাংক।
নিজের দেহ থেকে যখন আর আয় রোজগার সম্ভব হবে না, সেই দিনের কথা চিন্তা করেই কয়েকজন যৌনকর্মী মিলে গড়ে তুলেছে ব্যাংকটি। মুম্বাইয়ের কামাথিপুরায় স্থাপন করা ব্যাংকটির তারা নাম দিয়েছে 'সঙ্গিনী ওম্যানস কো-অপারেটিভ সোসাইটি ব্যাংক'। প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যে অসাধারণ সাড়া পেয়েছে এটি। ব্যাংকটি প্রতিষ্ঠায় সহায়তা করেছে ওয়াশিংটনভিত্তিক সংস্থা পপুলেশন সার্ভিসেস ইন্টারন্যাশনাল।
এখানকার বেশিরভাগ পতিতার জন্ম নিবন্ধনপত্র ও আবাসিক দলিল না থাকায় তারা সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারত না।
নতুন ব্যাংক চালু করার পর থেকে গত দু'মাসে প্রতিদিন ব্যাংকে এক ডলার করে রাখছেন এখানকারই এক যৌনকর্মী গাঙ্গুবাই। অন্য সময় প্রায়ই এ টাকাটা এলাকার মাস্তান অথবা মাতালরা এসে ছিনিয়ে নিয়ে যেত।
ঘরের দরজার সামনে বসা, সস্তা প্রসাধনীতে মুখ রাঙানো গাঙ্গুবাই বলেন, "আমার বয়স হয়ে যাচ্ছে কিন্তু এখনো গ্রামে একটি বাড়ি করার জন্য পয়সা জমাতে পারিনি। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আগে একবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার পরিচয় জানার পর তারা আমাকে বের করে দিয়েছিল।"
ভারতে পতিতাবৃত্তি নিষিদ্ধ হলেও, বিভিন্ন সংস্থার হিসাবে দেশটিতে বর্তমানে প্রায় বিশ লাখ নারী এ পেশায় জীবন ধারণ করছে। ক্ষুধা ও দারিদ্রের যন্ত্রণায় বাধ্য হয়ে এদের বেশিরভাগ এ কাজে নেমেছে।
পতিতাদের অধিকাংশের জীবন কেটে যায় যৌনপল্লীর মহাজনদের ঋণের টাকা শোধ করতে করতে। কিন্তু ঋণও আর শোধ হয় না, তাদের দূঃখও ঘোচে না। জীবন কেটে যায় ক্ষুধা আর দারিদ্রের চক্রে।
নতুন ব্যাংকের অনেক গ্রাহক জানিয়েছে, তার নিজেদের গ্রাম কিংবা শহরে বাড়ি তৈরির জন্য এখানে সঞ্চয় করছে। অনেকে আবার সন্তানদের ভাল স্কুলে পাঠানোর স্বপ্নও দেখছে।
প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই ব্যাংকের মূলধনের পরিমান বেশ দ্রুত বাড়ছে এবং এই অর্থ স্থায়ী আমানাত হিসেবে রাখা হচ্ছে। এখান থেকে যে আয় হচ্ছে তার একটা অংশ ব্যাংকের প্রায় এক হাজার গ্রাহককে মুনাফা হিসেবে দেওয়া হচ্ছে এবং বাকি টাকা ব্যাংক কর্মচারীদের বেতন ও ঋণ দেওয়া হচ্ছে।
এখানকার কিছু অর্থ বাঁচিয়ে ভর্তুকি দিয়ে কামাথিপুরার প্রায় ২২ হাজার যৌনকর্মীর জন্য একটি দোকান তৈরি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24