গুয়ান্তানামো বে, কিউবা ডিসেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ধরা পড়ার হাত থেকে বাঁচায় গুয়ান্তানামোর এক বন্দী। নাম সালিম আহমেদ হামদান। লাদেনের সাবেক এই ড্রাইভার এবং দেহরক্ষী প্রবল উৎসাহ নিয়ে লাদেন ও তার ছেলেকে কান্দাহার থেকে পালিয়ে যেতে সাহায্য করে। মার্কিন আদালতে গুয়ান্তানামো বন্দিদের অভিযোগের শুনানিকালে হামদান এই সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার এফবিআইয়ের এক কর্মকর্তা একথা জানান।
শুনানি চলাকালে যুদ্ধপরাধের অভিযোগে অভিযুক্ত গুয়ান্তানামো বন্দি হামদান মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই'র এর কর্মকর্তাদের বলেন, ১১ সেপ্টেম্বরে হামলার আগে আগে তিনি আফগানিস্তানের কান্দাহারের বাসা থেকে লাদেন ও তার ছেলে ওসমানকে গাড়ি চালিয়ে অন্য জায়গায় নিয়ে যান।
১১ সেপ্টেম্বরে হামলার প্রথম দিকে হামদান লাদেনের সঙ্গে না থাকলেও পরে তিনি লাদেনের পাশে এসে দাঁড়ান এবং কয়েক সপ্তাহ ধরে তাকে এক শহর থেকে আরেক শহর, এক বাড়ি থেকে আরেক বাড়িতে পালিয়ে বেড়াতে সাহায্য করেন। যুক্তরাষ্ট্রের পাল্টা আক্রমণ থেকে লাদেনকে বাঁচাতেই একাজ করেন হামদান। হামদানের সাক্ষাৎকার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক বিশেষ কর্মকর্তা রবার্ট ম্যাকফাদেন একথা জানান।
এফবিআই কর্মকর্তা জর্জ ক্রৌচ গুয়ান্তানামো বে তে আলাদাভাবে হামদানকে জিজ্ঞাসাবাদের পর জানান, ১১ সেপ্টেম্বরের হামলায় ১৫০০ জনের মৃত্যু আশা করার কথা লাদেনের মুখ থেকে শুনেছিলেন হামদান। কিন্তু হামলার পর আরও বেশি মানুষের মৃত্যুতে লাদেন খুবই আনন্দিত হয়েছিলেন।
ম্যাকফাদেন জানান, হামদান লাদেনের অনুগত থাকার শপথ নিয়েছিলেন। লাদেনের জন্য কাজ করতে কেমন লাগত? এ বাপারে হামদান কিছু বলেছেন কিনা জানতে চাইলে ম্যাকফাদেন বলেন, "তিনি প্রবল উৎসাহ বোধ করতেন।"
গুয়ান্তানামো যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে প্রথম সাক্ষীর শুনানি শুরুর প্রেক্ষাপটে এ সমস্ত তথ্য বেরিয়ে এসেছে। গুয়ান্তানামো যুদ্ধঅপরাধ ট্রাইব্যুনাল ২০০৪ সালের আগস্টে একবার শুরু করা হলেও সে সময় কোনো সাক্ষীকে ডাকা হয়নি।
মার্কিন সামরিক ট্রাইব্যুনালে যুদ্ধপরাধের অভিযোগে হামদানের বিচার করা হবে কিনা বা তাকে আটকে রাখাটা বেআইনি কিনা - সে বিষয়ের সিদ্ধান্ত নির্ভর করছে এই শুনানির ওপর।
সেনাবাহিনীর মেজর হেনরি স্মিথ আদালতকে বৃহস্পতিবার বলেছেন, " ২০০১ সালের ২৪ নভেম্বর গাড়িতে করে দুটো বিমান বিধ্বংসী রকেট নিয়ে যাওয়ার সময় কান্দাহারের একটি চেক পয়েন্টে হামদান পাকড়াও হন। কিন্তু তার পরনে কোনো সামরিক পোশাক নয়, বরং সাধারন পোশাক ছিল।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১৩৪৫ ঘ.
bdnews24