কলম্বো, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার উত্তরাঞ্চলে বুধবার রাস্তার পাশে পেতে রাখা বোমায় ১৬ জন নিহত হওয়ার পর তামিল টাইগারদের ওপর আক্রমণ জোরদারের অঙ্গীকার করেছে সরকার।
মন্ত্রীপরিষদের মুখপাত্র অরুনা প্রিয়দর্শনা ইয়াপা বৃহস্পতিবার বলেন, বুধবার রাতে অনুরাধাপুরায় গেরিলারা যে হামলা চালিয়েছে তাতে বোঝা যাচ্ছে তারা মরিয়া হয়ে উঠেছে। একটি যাত্রীবাহী বাসে ওই বিস্ফোরণে ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়।
ইয়াপা বলেন, "তারা কেন বেসামরিক লোকজনের ওপর হামলা করছে? এ থেকে তাদের কী লাভ হচ্ছে। এর ফলে বোঝা যাচ্ছে তারা দুর্বল এবং অন্যান্য চেষ্টায় ব্যর্থ হয়ে এখন মরিয়া হয়ে উঠেছে।"
তিনি আরও বলেন, "তাদের এলাকায় তাদেরকে ধ্বংস করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।"
মুখপাত্র বলেন, "আমরা পূর্বঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি। এছাড়া অন্য অনেক জায়গায় তাদের সঙ্গে আমাদের লড়াই চলছে। এর মাধ্যমে আমরা তাদের আরও দুর্বল করে দেব। আমরা চাই এই ভূখণ্ড থেকে তাদের নিশ্চিহ্ন করতে।"
গত কয়েক মাসে বিদ্রোহী তামিল টাইগার গেরিলাদের সঙ্গে নিরাপত্তা বাহিনী ও সেনাসদস্যদের সংঘর্ষের ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে। জলে অথবা স্থলে দু'পক্ষের সংঘর্ষ নিত্যদিনকার বিষয় হয়ে উঠেছে। শ্রীলংকা বাহিনীও বোমাবর্ষণ ও বিমান হামলা জোরদার করেছে।
২০০৬ সালের পর থেকে এ পর্যন্ত শ্রীলংকায় সেনাবাহিনী ও এলটিটিইি গেরিলাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচ হাজার মানুষ মার গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩০ঘ.
bdnews24