ইসলামাবাদ, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বরখাস্ত হওয়া বিচারকদের পুনরায় নিয়োগ দেওয়ার ইস্যু নিয়ে বৃহস্পতিবার তর্ক-বিতর্কে লিপ্ত হয়েছে পাকিস্তানের বিরোধী দলগুলো। তারা জানুয়ারির আসন্ন সাধারণ নির্বাচন বয়কট করবে কি করবে না তা নির্ধারণের জন্য এই একটি মাত্র ইস্যুতে তাদের মধ্যে মতভেদ রয়েছে।
গত ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর প্রেসিডেন্ট মুশাররফ পাকিস্তানের অধিকাংশ বিচারককে বরখাস্ত করে অনুগতদের দিয়ে বিচারকদের সেসব শূন্য আসন পূরণ করেন। ধারণা করা হয়, ৬ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে সেনাপ্রধান থাকা অবস্থায় অংশগ্রহণের বৈধতার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর রায় যাতে মুশাররফের বিপক্ষে না যায় তা ঠেকানোর লক্ষ্যে তিনি এ পদক্ষেপ নেন।
পাকিস্তানের সাবেক দুই প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং নওয়াজ শরীফ বলেছেন, আগামী ৮ জানুয়ারির নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয় তা নিশ্চিত করার লক্ষ্যে মুশাররফকে তারা একটি দাবিনামা দেবে। মুশাররফ সে দাবিনামা মেনে নিতে ব্যর্থ হলে তাদের দল নির্বাচন বয়কট করবে।
প্রধান দুটি বিরোধী দল এবং ছোট জোটগুলো একযোগে নির্বাচন বয়কট করলে সে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। তাছাড়া অস্থিতিশীলতা দীর্ঘায়িত হতে পারে পরমাণু অস্ত্রসমৃদ্ধ পাকিস্তানে। পাকিস্তানের এমন প্রেক্ষাপটে প্রতিবেশী আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনা এবং সেখানকার আল-কায়েদা ও তালেবান যোদ্ধাদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের জন্য জটিল হয়ে উঠতে পারে।
বৃহস্পতিবার নওয়াজের দলের মুখপাত্র আহসান ইকবাল বলেন, "অধিকাংশ ইস্যুতে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে। বাকি ইস্যুগুলোর বিষয়ে আজ সিদ্ধান্ত হবে। আজই সর্বশেষ বৈঠক। আমরা আমাদের তালিকা চূড়ান্ত করতে যাচ্ছি।"
তালিকার খসড়া প্রস্তুতের সঙ্গে জড়িত আহসান ইকবাল এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। তবে বিরোধীদলীয় অন্যান্য নেতারা জানিয়েছেন, মুশাররফ কর্তৃক বরখাস্ত হওয়া ৩৭ জন বিচারপতিকে পুনরায় নিয়োগ দেওয়ার দাবিটি তালিকায় থাকবে কিনা তা নিয়ে এখনও বেনজির ও নওয়াজের দলের মধ্যে মতপার্থক্য রয়েছে।
বেনজির বলে আসছেন, বরখাস্ত হওয়া বিচারকদের বিষয়ে নতুন পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। অন্যদিকে, নওয়াজ বলে আসছেন, বরখাস্ত হওয়া বিচারকদের পুনরায় নিয়োগ দেওয়া না হলে তার দল নির্বাচন বয়কট করবে। আর, সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়া এবং জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি মেনে নিলেও মুশাররফ বরখাস্ত করা ওইসব বিচারককে পুনরায় নিয়োগ দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।
নওয়াজ বৃহস্পতিবার বরখাস্ত হওয়া এবং গৃহবন্দি থাকা সাবেক প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীরর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ তাকে তা করতে দেয়নি।
বেনজিরের দল পাকিস্তান পিপল'স পার্টির (পিপিপি) কথা উল্লেখ করে নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগের (এন) সিনিয়র নেতা জাভেদ হাশমি বলেন, "এই ইস্যুতে আপোস না করার কোনো বিকল্প নেই। আমরা বলে আসছি নির্বাচনের আগেই এটা করতে হবে। পিপিপি বলছে, এটা নির্বাচনের পরে হবে।"
হাশমি বলেন, "এটাই একমাত্র বিষয় যাতে আমরা এখনো একমত হতে পারিনি।"
বেনজির এর আগে বলেছেন, তার দল অনিচ্ছার সঙ্গে নির্বাচনে অংশ নেবে। তবে তিনি নির্বাচন প্রত্যাহার এবং অস্বচ্ছ নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ করার বিকল্পও হাতে রেখেছেন।
নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণের বিষয়ে সন্দিহান থাকলেও নওয়াজ মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু ১৯৯৯ সালে মুশাররফের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর নওয়াজ যেসব অভিযোগে অভিযুক্ত হন তার ভিত্তিতে সোমবার তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। নওয়াজ বলে আসছেন, ওইসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
পুরানো প্রতিপক্ষ নওয়াজ ও বেনজির দীর্ঘ দিনের নির্বাসন শেষে স
bdnews24