২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে মার্কিন সিনেট কমিটির উদ্যোগ

বিশ্বের সবচে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ হিসাবে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি গ্যাস নির্গমন কমাতে একটি বিল পাস করেছে। সিনেট এনভায়রনমেন্ট এন্ড পাবলিক ওয়ার্কস কমিটিতে বুধবার ১১-৮ ভোটে এই বিল পাস হয়। বালি সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ওয়াশিংটনের বিরোধিতা এবং নতুন চুক্তি দাবির মুখেও সিনেট কমিটি ওই উদ্যোগ নিল। জাতিসংঘ বৃহস্পতিবার এ পদক্ষেপের প্রশংসা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 09:33 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

নসা দুয়া, ইন্দোনেশিয়া, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বের সবচে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ হিসাবে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি গ্যাস নির্গমন কমাতে একটি বিল পাস করেছে। সিনেট এনভায়রনমেন্ট এন্ড পাবলিক ওয়ার্কস কমিটিতে বুধবার ১১-৮ ভোটে এই বিল পাস হয়। বালি সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ওয়াশিংটনের বিরোধিতা এবং নতুন চুক্তি দাবির মুখেও সিনেট কমিটি ওই উদ্যোগ নিল। জাতিসংঘ বৃহস্পতিবার এ পদক্ষেপের প্রশংসা করেছে। জাতিসংঘ জলবায়ু সচিবালয়ের প্রধান ইভো ডি বোয়ের বলেছেন, "যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছে।" উল্লেখ্য, গত সোমবার অস্ট্রেলিয়া কিয়োটো প্রটোকল অনুমোদন করার পর যুক্তরাষ্ট্র এই চুক্তি অনুমোদন না করা একমাত্র দেশে পরিণত হয়। এরই মধ্যে বুধবার ওয়াশিংটনে সিনেট কমিটি শিল্প-কারখানার জন্য বাণিজ্য পদ্ধতি এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধের রূপরেখা সম্বলিত আইন পাস করে। বিলটি নিয়ে এখন পুরো সিনেটে তর্ক-বিতর্ক হবে। তবে সিনেট কমিটির এই পদক্ষেপ সম্পর্কে প্রধান মার্কিন জলবায়ূ আলোচক বালিতে সাংবাদিকদের বলেছেন, "ওই পদক্ষেপের কারণে এ সম্মেলনে আমাদের অবস্থান পরিবর্তন হবে না। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বাধ্যতামূলকভাবে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর পদক্ষেপ নেওয়ার বিরোধিতা করেছেন। তার মতে, এটা মার্কিন অর্থনীতির ক্ষতি করবে, বিশেষত কর্মসংস্থানের ক্ষেত্রে অত্যন্ত বিরূপ প্রভাব ফেলবে। এছাড়া ২০১২ সালের মধ্যে নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারনের ক্ষেত্রে উন্নয়নশীল বিশ্বকে অন্যায্য সুবিধা দেওয়ারও অভিযোগ করে আসছেন বুশ। ডি বোয়ের অবশ্য বলেছেন, বালি সম্মেলনে আলোচনা ভালোভাবেই এগুচ্ছে। যুক্তরাষ্ট্রসহ চীন ও ভারতের মতো উন্নয়নশীল সব দেশকেই জলবায়ূ পরিবর্তন রোধে আরও জোর লড়াইয়ে নামানোর চেষ্টা চলছে। বালিতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের উদ্বেধনী দিনেই বিশ্বের শীর্ষ গ্রিনহাউস নির্গমনকারী দেশ যুক্তরাষ্ট্র আবারও কিয়োটো চুক্তি প্রত্যাখ্যান করে। তবে অস্ট্রেলিয়ার কিয়োটো প্রটোকল অনুমোদনের পর এ চুক্তি প্রত্যাখ্যানকারী একমাত্র শিল্পোন্নত দেশ যুক্তরাষ্ট্র বলেছে, ২০০৯ সালের মধ্যে নতুন জলবায়ু চুক্তি করার বালি রোডম্যাপ নিয়ে কাজ করতে আগ্রহী তারা। বালিতে মার্কিন প্রতিনিধি দলের প্রধান হারলান ওয়াটসন সোমবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বলেন, " আমরা কোনো বাধা সৃষ্টি করতে এখানে আসিনি।" ২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন একটি বিশ্বচুক্তি করার বালি রোডম্যাপ সমর্থন করে মার্কিন প্রতিনিধি বলেন," যুক্তরাষ্ট্র অনড় অবস্থানে থাকতে চায় না এবং বালি রোডম্যাপ নিয়ে গঠনমূলক কাজ করতে চায়।" ২০০৯ সালের মধ্যে একটি নতুন বিশ্ব জলবায়ু চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নিয়ে ইন্দোনেশিয়ার বালি পর্যটনদ্বীপে ১৯০টি দেশের অংশগ্রহণে জাতিসংঘ জলবায়ু পরিতর্বন সম্মেলন শুরু হয়েছে সোমবার সকালে। সম্মেলনের শুরুতেই আয়োজক ও জলবায়ু বিজ্ঞানীরা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, ঝড়-জলোচ্ছ্বাস, খরার মতো পরিবেশ বিপর্যয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র দেশগুলো। জাতিসংঘ জলবায়ু সচিবালয়ের প্রধান ইভো ডি বোয়ের বলেন, ধনী দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নির্গমন কমানোর অঙ্গীকার করেছে যাতে করে দরিদ্র দেশগুলোও তাদের ক্রমবর্ধমান নির্গমন কমানোর বিষয়ে কাজ শুরু করে। যদিও দারিদ্র্য দূরীকরণের প্রশ্নে এসব অনুন্নত দেশগুলোকে আরও বহুদিন এ জ্বালানি পোড়াতে হবে। উন্নত ও উন্নয়নশীল বিশ্বের মধ্যে দূষণমুক্ত জ্বালানি প্রযুক্তি ভাগাভাগির আহ্বান জানিয়ে বোয়ের বলেন, " উত্তরের (উত্তর গোলার্ধের) দৃঢ় পদক্ষেপ দক্ষিণে (দক্ষিণ গোলার্ধে) দূষণমুক্ত প্রবৃদ্ধি বেগবান করতে পারে।" বালি সম্মেলনেই এ বিষয়ক আলোচনা শুরুর সমঝোতায় পৌঁছানোর জন্যও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আবেদন জানান তিনি। ২০০৮-১২ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ১৯৯০ সালের মাত্রার চেয়েও কমপক্ষে ৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে ১৯৯৭ সালে জাপানের কিয়োটোতে ওই প্রটোকল স্বাক্ষরিত হয়। মোট ১৭৪টি দেশ এ প্রটোকল স্বাক্ষর করেছে। কিন্তু এসব দেশের বেশিরভাগই উন্নয়নশীল এবং অনুন্নত গরিব দেশ, যাদের নির্গমণের হার এমনিতেই কম। কিন্তু বিপজ্জনক মাত্রায় গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী শিল্পোন্নত দেশগুলোর মাত্র ৩৬ টি এখন পর্যন্ত এ প্রটোকল মেনে চলার অঙ্গীকার করেছে। বিশ্বে ধনী-দরিদ্র ধূসর ব্যবধানের বিষয়টি জলবায়ু ইস্যুতে আবারও সমানে চলে এসেছে। ধনী ও উন্নত দেশগুলো এখনও কিয়োটো চুক্তিতে স্বাক্ষর না করায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা কঠিন হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র ও চীনের মতো শীর্ষ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশগুলোকে জাতিসংঘ চুক্তির অন্তর্ভুক্ত করা এবং কিয়োটো প্রটোকলের মেয়াদ ফুরোবার আগেই নতুন চুক্তির লক্ষ্যে সমাঝোতায় পৌঁছানো এ সম্মেলনের বড় চ্যালেঞ্জ। গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য সবচেয়ে বেশি দায়ী জীবাশ্ম জ্বালানির ব্যবহার। শিল্পোন্নত এবং উন্নয়নশীল বিশ্বে বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার এবং শিল্প ও কৃষি খাতের নানা মানবিক তৎপরতায় ব্যাপক হারে গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলেই অত্যন্ত দ্রুত হারে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে । 'গ্লোবাল ওয়ার্মিং' বা বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধির কারণে ভূ-পৃষ্ঠের বরফ গলে আশঙ্কাজনকহারে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, বিশ্বে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয়ে বন্যা, খরা, ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে এবং বিশ্বব্যাপী উপকূলীয় অঞ্চল তলিয়ে যাওয়াসহ মারাত্মক হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৩ ঘ.