কলোম্বো, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার উত্তরাঞ্চলে বুধবারের সংঘর্ষে ২৯ জন তামিল টাইগার গেরিলা ও সাত সেনা নিহত হয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে।
মানার, উত্তরাঞ্চলীয় ভাভুনিয়া জেলা ও জাফনা উপদ্বীপে সেনা ও গেরিলাদের মধ্যে ওই সংঘর্ষ হয়। মানারে দু দফা সংঘর্ষে নিহত হয় ১৩ এলটিটিই গেরিলা। ভাভুনিয়ায় দুটি পৃথক সংঘর্ষে নিহত হয় আরও ১৬ জন গেরিলা। 'মেডিয়া সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটি'র এক মুখপাত্র একথা জানিয়েছেন।
সেনাবাহিনী জানিয়েছে, সেনা টহল দলের ওপর গেরিলা হামলায় নিহত হয়েছে ৩ জন। অন্যদিকে, একটি মাইন বিস্ফোরণে ৪ সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে ২ জন।
সংঘর্ষের ব্যাপারে বিচ্ছিন্নতাবাদী এলটিটিই গেরিলাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সেনাবাহিনী সেনাশক্তি দিয়ে টাইগারদের নির্মূল করার অঙ্গীকার করেছে।
বিশ্লেষকরা বলছেন, দুপক্ষই সংঘর্ষে অপরপক্ষের ক্ষয়ক্ষতি অতিরঞ্জিত করে প্রকাশ করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৬ঘ.
bdnews24