ক্যামব্রিজ, ম্যাচাচুসেটস, ডিসেম্বের ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ বুধবার বলেছেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ বিষয়ক স্টার্ট (এসটিএআরটি) চুক্তি থেকে বেরিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্র নতুন চুক্তি করলে অস্ত্র বিস্তাররোধ ব্যবস্থার ভিত ধ্বসে পড়বে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে ১৯৯১ সালে স্টার্ট চুক্তিতে সই করে। এই চুক্তিকে স্নায়ুযুদ্ধ অবসানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ওই চুক্তির আওতায় দুদেশ নিজেদের পরমাণু অস্ত্র সংক্রান্ত তথ্য বিনিময় করে থাকে।
ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে, ২০০৯ সালের পর তারা আর এ চুক্তি নবায়ন করবে না। বরং এর পরিবর্তে তারা নতুন একটি চুক্তি করতে চায় যা অতোটা কঠোর নয়।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ফোরামে গর্বাচেভ বলেন, "দুদেশের মধ্যে একে অন্যের পরমাণু অস্ত্র সম্পর্কে জানা এবং যাচাই বাছাই ও পরিদর্শণ খুবই গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, "শীতল যুদ্ধ শেষ হয়ে গেছে বলে, ওই চুক্তির প্রয়োজনীয়তাও শেষ হয়ে গেছে এটা মনে করা একেবারেই ভুল।"
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বাবা সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে স্টার্ট চুক্তিতে সই করেছিলেন গর্বাচেভ।
গর্বাচেভ আরও জানান, রোনাল্ড রিগ্যানের সঙ্গে ১৯৮৭ সালে যে গুরুত্বপূর্ণ মাঝারি-পাল্লার পরমাণু অস্ত্র চুক্তি করেছিলেন সেটিও টিকিয়ে রাখা দরকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৫৪ঘ.
bdnews24