২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি নিয়ে বাধা ঠেলে এগুবে ভারত: প্রণব

ভারত জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে তারা বাধার সম্মুখীন হচেছ ঠিকই, কিন্তু তারপরও তারা ওই চুক্তি থেকে পিছিয়ে আসবে না। চুক্তিটি যে দেশের প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সমালোচক ও বিরোধীদের তা বোঝানোর চেষ্টা চলবেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

নতুন দিল্লি, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে তারা বাধার সম্মুখীন হচেছ ঠিকই, কিন্তু তারপরও তারা ওই চুক্তি থেকে পিছিয়ে আসবে না। চুক্তিটি যে দেশের প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সমালোচক ও বিরোধীদের তা বোঝানোর চেষ্টা চলবেই। বিতর্কিত পরমাণু চুক্তি নিয়ে ভারতের মনমোহন সরকার বামপন্থী শরিকদের চাপের মুখে আছে। ওই চুক্তি থেকে পিছিয়ে না আসলে তারা সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যহারের হুমকিও দিয়েছে। বামপন্থীদের দাবির মুখে ওই চুক্তি নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়েছে। সেখানে অধিকাংশ বিরোধীরা জানিয়েছে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা ওই চুক্তি চান না। পার্লামেন্টে দ্বিতীয় দফা বিতর্কের একদিন পর পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি বুধবার পার্লামেন্টের উচ্চকক্ষে বলেন, "এই চুক্তি কার্যকর হলে এবং বাস্তবতার মুখ দেখলে-- আপনারা দেখতে পাবেন কারা সঠিক আর কারা ভুল করছে।" এই চুক্তি নিয়ে অগ্রসর হওয়া সম্ভব হবে কিনা প্রণব মুখার্জি তা নিশ্চিত নন। তিনি জানান, আগাতে চাইলে সামনে অনেক বাধা-বিপত্তি পার হতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই পরমাণু চুক্তির চূড়ান্ত পরিণতির জন্য ভারতকে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা থেকে অনুমতি নিতে হবে। তাছাড়া চুক্তিটিতে মার্কিন কংগ্রেসের অনুমোদনও প্রয়োজন হবে। বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়ের মধ্যে এতগুলো বাধা দূর করা সম্ভব নাও হতে পারে। যুক্তরাষ্ট্র চায় আগামী বছরের মাঝামাঝি সময়ে বিষয়টি নিষ্পত্তি করতে। এ জন্য তারা ভারতকে বারবার তাগাদা দিয়ে আসছে। মনমোহন সরকারের বামপন্থী শরিকরা চুক্তির বিরোধিতা করে বলেছে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সরকার মার্কিনীদের সঙ্গে ওই চুক্তি করছে। এটি কার্যকর হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। প্রণব মুখার্জি বলেন, "অর্থনৈতিক সংস্কার ও বিশ্ব বাণিজ্য সংস্থায় যোদ দেওয়া নিয়ে আগের সরকারও বিরোধীদের বাধার মুখে পড়েছিল। কিন্তু পরে বোঝা গেছে ওই সমস্ত সিদ্ধান্ত সঠিক ছিল।" তিনি আরও বলেন, "আমরাই সঠিক এবং অন্যরা ভুল প্রমাণিত হবে। আমি বলছি না যে তোমরাই এই মূহুর্তে বুঝতে পারবে, কিন্তু সেটা প্রমাণের জন্য আমাদের চেষ্টা করতে দিতে হবে।" মুখার্জি আরও বলেন, "বিরোধীদের বোঝাতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। কারণ আমাদের জ্বালানি প্রয়োজন, প্রয়োজন প্রযুক্তি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২২ঘ.