ইসলামাবাদ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিচারবিভাগে হস্তক্ষেপের প্রতিবাদে পাকিস্তানের আইনজীবীরা আবারও সরব হয়েছেন। আইনের ভারী বই তুলে রেখে বুধবার তারা ইসলামাদের রাজপথে মুশাররফ বিরোধী শ্লোগান দেন। বিচারবিভাগকে পূর্বাবস্থায় ফিরিয়ে না আনা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তারা অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন।
গত মার্চে প্রধানবিচারপতি ইফতিখার চৌধুরীকে অপসারণের পর থেকে পাকিস্তানের আইনজীবীরা প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে সোচ্চার। একপর্যায়ে আইনজীবীদের আন্দোলন গণরূপ ধারণ করলে মুশাররফ প্রধানবিচারপতিকে স্বপদে ফিরিয়ে আনতে বাধ্য হন। কিন্তু সর্বশেষ গত তিন নভেম্বর দেশে জরুরি অবস্থা জারি করে তিনি প্রধানবিচারপতিকে আবারও বরখাস্ত করেন এবং আদালতের গুরুত্বপূর্ণ পদগুলো থেকে বিরোধী আইনজীবীদের সরিয়ে অনুগতদের নিয়োগ গেন।
অপসারণ করা বিচারকদের পুনরায় স্বপদে ফিরিয়ে না আনা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়ে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনে সদস্যরা বুধবার ইসলামাবাদের রাজপথে নেমে আসেন। এ সময় তারা 'মুশাররফ বিদায় হও' শ্লোগান দেন।
বার এসোসিয়েশনের সভাপতি হারুুনর রশিদ বলেন, "যে সব বিচারকদের বে আনইনি ও অসাংবিধানিকভাবে অপসারণ করা হয়েছে তাদের ফিরিয়ে আনা হোক। একই সঙ্গে সংবিধান ও জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার করতে হবে।"
তিনি আরও বলেন, "বিচারকদের ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে। ততদিন পর্যন্ত আমরা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে কাজ করব না।"
কালো স্যুট-টাই ও সাদা শার্ট পরে সকাল ১১টার দিকে ইসলামাবাদে জেলা আদালত ভবনে ছেড়ে আইনজীবীরা রাস্তায় নেমে আসেন। এ সময় অনেকেই প্রতীকী অনশন ব্যাজ ধারণ করেন।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরেও আইনজীবীরা অদালত বয়কট করেন। এছাড়া, বাণিজ্যিক শহর করাচিতেও আইনজীবীরা প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। আগামী বৃহস্পতিবার তারা পূর্ণদিবস কর্মবিরতি পালন করতে পারেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২৮ঘ.
bdnews24