ইসলামাবাদ, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর/রয়টার্স)--- পাকিস্তান কর্তৃপক্ষ দুই মার্কিন মানবাধিকার কর্মীকে বহিস্কারাদেশ দিয়েছে। বিরোধীদলীয় এক আইনজীবী আটক হওয়ার প্রতিবাদে মোমবাতি মিছিল করার জন্য ওই দুই কর্মীকে পাকিস্তান থেকে বহিস্কারের নির্দেশ দেয় সরকার।
নিরাপত্তা কর্মকর্তারা মঙ্গলবার মেডেনা বেঞ্জামিন এবং টিঘে ব্যারি নামক ওই দুই মানবাধিকার কর্মীকে লাহোরে নিয়ে গিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখে। এরপর তাদেরকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
'কোডে পিংক' যুদ্ধবিরোধী দলের মানবাধিকার কর্মী বেঞ্জামিন লাহোরে টেলিফোনে রয়টার্সকে বলেন, " তারা আমাদের ভিসা বাতিল করেছে এবং আজই পাকিস্তান ত্যাগের নির্দেশ দিয়েছে।"
বেঞ্জামিন ও ব্যারি দুজনই পাকিস্তানের আটক বিরোধীদলীয় রাজনীতিবিদ ও আইনজীবী ইজাজ আহসানের বাড়ির বাইরে মোমবাতি মিছিল করেন।
প্রেসিডেন্ট মুশাররফ ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর ঢালাওভাবে বিরোধীদলীয় নেতাকর্মী ও আইনজীবীদের গ্রেপ্তারের সময় আটক হন ইজাজ। মানবাধিকার কর্মীরা এর প্রতিবাদে প্রথমে জেলের বাইরে এবং পরে লাহোরে তার বাড়ির বাইরে মিছিল করে।
পাকিস্তান পুলিশ সোমবার মার্কিন রাষ্ট্রদূতকেও আটক আইনজীবী আহসানের সঙ্গে দেখা করতে দেয়নি।
বেঞ্জামিন বলেছেন, "সরকার তাকে বহিস্কার করার কোনো কারণ দর্শায়নি। তারা কেবল বলেছে, জরুরি অবস্থা জারি থাকায় সরকারের কর্মকাণ্ডের কোনো কারণ দেখানোর প্রয়োজন নেই।"
তিনি আরও বলেন, " এ ঘটনাই প্রমাণ করে পাকিস্তানে কোনো গণতন্ত্র নেই। সেখানে একনাকের শাসন চলছে।"
সরকার ইতোমধ্যেই আটক ৫ হাজার জনকে মুক্তি দেওয়ার কথা জানালেও মুশাররফের প্রতি হুমকি হয়ে দাঁড়াতে পারেন এমন কয়েকজন বিচারপতি ও আইনজীবীকে এখনও গৃহবন্দী করে রাখা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩১ঘ.
bdnews24