২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডকে রাজনৈতিক সঙ্কট মুক্ত করার আহ্বান রাজা ভূমিবলের

এ মাসের নির্বাচনে অংশ নিয়ে থাইল্যান্ডকে গভীর রাজনৈতিক সঙ্কট মুক্ত করতে মঙ্গলবার দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাজা ভূমিবল আদুলায়েদেজ। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, অন্যথায় দেশ গভীর সঙ্কটে পতিত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 11:54 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ব্যাংকক, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এ মাসের নির্বাচনে অংশ নিয়ে থাইল্যান্ডকে গভীর রাজনৈতিক সঙ্কট মুক্ত করতে মঙ্গলবার দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাজা ভূমিবল আদুলায়েদেজ। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, অন্যথায় দেশ গভীর সঙ্কটে পতিত হতে পারে। ৮০-তম জন্মদিনের প্রাক্কালে থাইল্যান্ডের সাড়ে ছয় কোটি লোকের উদ্দেশ্যে দেওয়া এক বেতার ভাষণে রাজা ভূমিবল বলেন, "একতা ছাড়া দেশ বিপর্যয়ের সম্মুখীন হবে।" গত সপ্তার শেষ দিকে সেনাবাহিনীর এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেওয়া ভাষণেও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন রাজা ভূমিবল। ওই ভাষণে তিনি গত বছরের সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটির চলমান অস্থিতিশীল রাজনৈতিক অঙ্গন সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেন। গত বছরের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। বিশ্লেষকদের অনেকে বলছেন, আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন শুধুই থাকসিনের সমর্থক এবং রাজার অনুগত সেনাবাহিনী এবং মধ্যবিত্তদের মধ্যে আরও বেশি মেরুকরণ সৃষ্টি করবে। বিশ্লেষকরা আরও বলছেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লন্ডনে নির্বাসিত থাকলেও থাকসিনের পিপল পাওয়ার পার্টি আসন্ন নির্বাচনে অধিকাংশ আসনে বিজয়ী হতে পারে। অবশ্য, তারা একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৩৭ ঘ.