ওয়াশিংটন, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ডে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে আফগানদের মনে। অন্যদিকে, সমর্থন বাড়ছে তালেবান যোদ্ধাদের পক্ষে। সহিংসতা বাড়তে থাকায় এবং অর্থনৈতিক উন্নতি না ঘটায় এমন হচ্ছে বলে সোমবার প্রকাশিত এক জাতীয় জরিপে বলা হয়েছে।
জরিপ সংস্থা 'চারনে রিসার্চ' যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ, ব্রিটেনের বিবিসি এবং জার্মানির এআরডি টেলিভিশন নেটওয়ার্কের জন্য এ জরিপটি চালায়। এতে দেখা গেছে, সহিংসতা ও অর্থনৈতিক কারণে গত বছর আফগানদের মধ্যে মার্কিন সেনাবাহিনীর কর্মকাণ্ডে অসন্তোষ বেড়েছে। অপরদিকে, সমর্থন বেড়েছে তালেবান যোদ্ধাদের পক্ষে। বিশেষ করে আফগানিস্তানের সংঘাতময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিবাসীদের মধ্যে।
প্রসঙ্গত, ছয় বছর আগে আফগানিস্তানে মার্কিন আগ্রাসন শুরু হলে মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত হয় তালেবানরা।
আফগানিস্তানের ৩৪টি প্রদেশের প্রত্যেকটিতে সরাসরি চালানো এ জরিপে অংশ নেন ১,৩৭৭ জন আফগান। এতে দেখা গেছে, আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ডকে সমর্থন করছেন ৪২ শতাংশ আফগান। যেখানে ২০০৫ সালে এ হার ছিল ৬৮ শতাংশ এবং গত বছর ছিল ৫৭ শতাংশ।
আফগানিস্তানে বর্তমানে ২৬ হাজার মার্কিন সেনা কর্তব্যরত রয়েছে। এদের অর্ধেক যুক্ত আছে ন্যাটো বাহিনীর সঙ্গে এবং বাকি অর্ধেক অন্যান্য অভিযানে।
জরিপ সূত্রে জানা গেছে, গত বছর দুই-তৃতীয়াংশ আফগান এটা মনে করতেন যে ন্যাটো সেনারা তাদের নিরাপত্তা দিতে পারবে। কিন্তু এখন সে হার প্রায় অর্ধেকে নেমে এসেছে।
জরিপে অংশগ্রহণকারীদের ৪২ শতাংশ বলেছেন, তালেবানরা গত বছর আরও শক্তিশালী হয়েছে। জরিপ সংস্থাটি মনে করে বেসামরিক আফগানদের প্রাণহানির কারণে এটা হয়েছে।
জরিপে আরও দেখা গেছে, দক্ষিণ-পশ্চিম আফগানিস্তানের ৪৫ শতাংশ বাসিন্দা ন্যাটো সেনাদের উপস্থিতিকে সমর্থন করছেন। অথচ এক বছর আগে এ হার ছিল ৮৩ শতাংশ। অন্যদিকে, এ এলাকাটির প্রায় ২৩ শতাংশ বাসিন্দা এখন তালেবানদের সমর্থন করছে। এ হার গত বছরের তিন গুণ বেশি।
জরিপ সংস্থাটির পরিচালক ক্রেইগ চারনে বলেন, আফগানরা মার্কিন উপস্থিতির বিষয়ে আফগানদের মনোভাব নিরাপত্তা পরিস্থিতির সাপেক্ষে দ্রুত পরিবর্তিত হয়েছে। যদিও ৭১ শতাংশ লোক এখনও আমেরিকার ভূমিকাকে সমর্থন করছে।
তিনি বলেন, তবে মার্কিন সেনাদের কর্মকাণ্ড এবং বেসামরিক মৃত্যুর ঘটনায় ক্রমেই যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব জোরদার হচ্ছে আফগানদের মনে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪২০ ঘ.
bdnews24