কিতসিয়ত, ইসরায়েল, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েল সোমবার ৪২৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনের লক্ষ্যে গত সপ্তায় যুক্তরাষ্ট্র আয়োজিত শান্তি সম্মেলনের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে সাহায্য করার লক্ষ্যে এ বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। ইসরায়েলের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
প্রিজন সার্ভিস এর এক মুখপাত্র জানিয়েছেন, মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের অধিকাংশই আব্বাসের ফাতাহ দলের কর্মী। কিতসিয়তের মরু কারাগার থেকে বাসে করে তাদেরকে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে।
ইসরায়েলি কারাগারগুলোয় থাকা ১১ হাজার ফিলিস্তিনি বন্দির মধ্যে থেকে সোমবার এসব বন্দিকে মুক্তি দেওয়া হয়।
মুখপাত্র বলেন, ২০ জন বন্দিকে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় পাঠানো হয়েছে এবং ৪০৯ জনকে পাঠানো হয়েছে পশ্চিম তীরের রামাল্লা শহরের একটি ক্রসিংয়ের কাছে। সেখানে ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং মুক্তি পাওয়াদের আত্মীয়-স্বজন তাদেরকে বাড়ি ফেরার আনুষ্ঠানিক অভিনন্দন জানাবেন।
২০০৮ সাল নাগাদ একটি শান্তি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের অ্যানাপোলিসে অনুষ্ঠিত ওই শান্তি সম্মেলনে আব্বাস এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট আনুষ্ঠানিকভাবে শান্তি আলোচনা শুরু করেন।
ধারণা করা হচ্ছে, হামাসের বিরুদ্ধে ফিলিস্তিন নেতা আব্বাসের হাত শক্তিশালী করতে ইসরায়েল এতজন বন্দিকে মুক্তি দিয়েছে।
প্রসঙ্গত, গত জুন মাস থেকে হামাসের নিয়ন্ত্রণে রয়েছে গাজা। হামাস ইসরায়েলের সঙ্গে শান্তি প্রক্রিয়া প্রত্যাখান করে আসছে।
রামাল্লার বাইরে বিতুনিয়া চেকপয়েন্টে সমাবেত বন্দিদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, তাদের প্রিয়জনদের ফিরে আসতে দেখে তারা খুশি। মুক্তিপ্রাপ্তদের অধিকাংশেরই সাজার মেয়াদ শেষ হতে মাত্র কয়েক মাস বাকি ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৪২ ঘ.
bdnews24