মস্কো, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোটারদের কাছ থেকে জোর করে ভোট আদায় করা হচ্ছে। বিরেধী নেতা সাবেক বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি ক্যাসপারোভ এই অভিযোগ করেছেন।
মস্কোতে নিজের ভোট নষ্ট করে ক্যাসপারোভ বলেন, কর্তৃপক্ষ পুরো নির্বাচনী ব্যবস্থা জোর করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। ক্যাসপারোভ জানান, ভোট নষ্ট করার জন্য ব্যালোট পেপারের সবগুলো বক্সে টিক দিয়েছেন।
মস্কোর কেন্দ্রভাগে অবস্থিত ১৮১ নম্বর ভোট কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, "ভোটগ্রহণ বুথে কোনো গোপনীয়তা নেই। ফলে ভোটারদের সবার সামনেই ভোট দিতে হচ্ছে।"
তিনি বলেন, "ক্রেমলিনপন্থীরা নিজেদের পক্ষে ভোট দেওয়ার জন্য সরকারি কর্মচারী ও শ্রমিক এমনকি হাসপাতালের রোগীদেরও জোর করে ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছে। বিরোধীদের কাছে এ ধরনের ঘটনার অনেক প্রমাণ আছে।"
ক্যাসপারোভ আরও বলেন, "তারা শুধু জালিয়াতি করছে না, পুরো নির্বাচনী ব্যবস্থার ওপর নিজেদের দখলদারিত্ব কায়েম করেছে। তাদের কর্মকাণ্ড সাবেক সোভিয়েত ইউনিয়নের সময়কার ভোটের কথা মনে করিয়ে দেয়। তখন নিজের মতামত প্রকাশের কোনো সুযোগই ভোটারদের ছিল না।"
এ সময় সেখানে উপস্থিত বিদেশ সাংবাদিকদের বোঝার স্বার্থে সাবেক দাবা চ্যাম্পিয়ন বেশিরভাগ কথাই ইংরেজিতে বলেন।
পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নির্বাচনে প্রেসিডেন্ট পুতিনের দল 'ইউনাইটেড রাশিয়া' বড় ধরনের জয় আশা করছে।। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করে আসছে বিরোধীরা।
গত শুক্রবার প্রচারভিযান শেষ হয়। ভোট গ্রহণের আগের দিন শনিবার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ ভোটাররা অভিযোগ করেন, ভোট দেওয়ার জন্য তাদের ভয় দেখানো হচ্ছে।
নির্বাচনে ইউনাইটেড রাশিয়া আশানুরূপ সংখ্যগরিষ্ঠতা পেলে রাশিয়ার রাজনীতির ওপর পুতিনের নিয়ন্ত্রণ আরও বাড়বে। যদিও আগমী বছেরর শেষ নাগাদ ক্ষমতার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর তিনি প্রেসিডেন্ট পদ ত্যাগ করেবন।
সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, নির্বাচনে পুতিনের দল ৬০ শতাংশ ভোট পেতে পারে। সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী দলের অবস্থান যেখানে অনেক পেছনে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২০ঘ.
bdnews24