২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যাভেজের আজীবন প্রেসিডেন্ট নির্বাচন প্রশ্নে গণভোট শুরু

সংবিধান পরিবর্তন প্রশ্নে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের দেয়া গণভোটে রোববার সকাল থেকে ভোট দিচ্ছে ভেনেজুয়েলার ভোটাররা। গণভোটে জয়ী হলে সংবিধান পরিবর্তন করে শ্যাভেজ আজীবন প্রেসিডেন্ট নির্বাচনের পথ পরিষ্কার করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 12:05 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

কারাকাস, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সংবিধান পরিবর্তন প্রশ্নে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের দেয়া গণভোটে রোববার সকাল থেকে ভোট দিচ্ছে ভেনেজুয়েলার ভোটাররা। গণভোটে জয়ী হলে সংবিধান পরিবর্তন করে শ্যাভেজ আজীবন প্রেসিডেন্ট নির্বাচনের পথ পরিষ্কার করবেন। বিরোধীদের মধ্যে মতৈক্যের অভাবকে কাজে লাগিয়ে এ যাবৎ অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রে শ্যাভেজ খুব সহজে জিতে এসেছেন। তবে এবারের গণভোটে তিনি তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অধিকাংশ জরিপে দেখা গেছে, সংস্কারের পক্ষে (হ্যাঁ ভোট) এবং বিপক্ষে (না ভোট) প্রায় সমান সংখ্যক ভোটার মত দিচ্ছেন। তবে শ্যাভেজ দাবি করেছেন, গণভোটে তিনি কমপক্ষে ১০ শতাংশ ভোট বেশি পেয়ে বিজয়ী হবেন। গণভোটে 'হ্যাঁ ভোট' বিজয়ী হলে সংবিধান পরিবর্তনের ক্ষমতা পাবেন বামপন্থী প্রেসিডেন্ট শ্যাভেজ। তখন সংবিধান পরিবর্তন করে তিনি আজীবন প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন। এছাড়া রাষ্ট্রীয় নীতি হিসেবে সমাজতন্ত্রকে প্রাধান্য দেওয়ার বিষয়টিও গণভোটের এজেন্ডায় আছে। গণভোটের প্রচারাভিযানের শেষ দিকে শ্যাভেজ তীব্র ভাষায় তার দেশি-বিদেশি বিরোধীদের সমালোচনা করেছেন। সমর্থকদের উজ্জীবিত করতে এবং গণভোটে জয়লাভের উদ্দেশ্যে শ্যাভেজ এটা করছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত শুক্রবার রাজধানী কারাকাসের এক শহরতলীতে কয়েক লাখ উল্লসিত সমর্থকের উদ্দেশে শ্যাভেজ বলেন, আসন্ন গণভোটে মার্কিন প্রশাসন হস্তক্ষেপের চেষ্টা করলে তিনি তার সমুচিত জবাবে দেবেন। শ্যাভেজ হুমকি দিয়ে বলেন, "যুক্তরাষ্ট্রের জন্য এক ফোঁটা তেলও বরাদ্দ থাকবে না। তারা তেল নিতে চাইলে ভেনেজুয়েলায় তাদের শত বছর ধরে যুদ্ধ করতে হবে।" শ্যাভেজ এ গণভোটকে তার শাসনের ওপর গণভোট হিসাবে অভিহিত করেছেন। শুক্রবারের সমাবেশে তিনি বলেন, "যিনি 'হ্যাঁ ভোট' দেবেন তিনি ভোট দেবেন শ্যাভেজের জন্য। আর যিনি 'না ভোট' দেবেন, তিনি ভোট দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জন্য।" সামাজিক কর্মসূচিতে ব্যয় বাড়ানোর মাধ্যমে ভেনেজুয়েলার সংখ্যগরিষ্ঠ দরিদ্র লোকদের কাছে শ্যাভেজ ব্যাপক জনপ্রিয়। অবশ্য, সমালোচকরা বলছেন, শ্যাভেজ স্বৈরাচারী ক্ষমতা লাভের চেষ্টা করছেন। এছাড়া, শ্যাভেজের অনেক মধ্যপন্থী সমর্থক এটা ভেবে উদ্বিগ্ন যে, প্রস্তাবিত এ সংস্কার হলে অনেক বেশি ক্ষমতাশালী হবেন শ্যাভেজ। শ্যাভেজ ২০০২ সালে তার শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পেছনে ওয়াশিংটনের হাত ছিল বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছেন। পাশাপাশি হুমকি দিয়ে আসছেন, যুক্তরাষ্ট্রের কাছে তেল বিক্রি বন্ধ করে দেওয়ার। অবশ্য আজও তিনি সে হুমকির বাস্তবায়ন করেননি। বিডিনিজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩৪১ঘ.