২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন: বালির দিকে তাকিয়ে বিশ্ব

সোমবার ইন্দোনেশিয়ার পর্যটনদ্বীপ বালিতে শুরু হচ্ছে 'জাতিসংঘ জলবাযু পরিবর্তন সম্মেলন'। জাতিসংঘ সংস্থা 'আইপিসিসি' বা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ- এর এ সম্মেলন চলবে ৩ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১৯০ টি দেশের কয়েকহাজার প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 11:41 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

বালি, ইন্দোনেশিয়া, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সোমবার ইন্দোনেশিয়ার পর্যটনদ্বীপ বালিতে শুরু হচ্ছে 'জাতিসংঘ জলবাযু পরিবর্তন সম্মেলন'। জাতিসংঘ সংস্থা 'আইপিসিসি' বা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ- এর এ সম্মেলন চলবে ৩ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১৯০ টি দেশের কয়েকহাজার প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিচ্ছেন। ২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২০০৯ সালের মধ্যেই একটি নতুন জাতিসংঘ চুক্তি স্বাক্ষরে সমঝোতায় পৌঁছানো এ সম্মেলনের মূল লক্ষ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সম্মেলনের সাফল্যের ওপর নির্ভর করছে জলবায়ু পরিবর্তন রোধে আগামী বিশ্ব কতটা সক্রিয়ভাবে কাজ করবে তার নির্দেশনা। এ সাফল্য দেখার প্রত্যাশায় রিও ডি জেনিরো থেকে টোকিও আর লন্ডন থেকে জোহানেসবার্গ পর্যন্ত গোটা বিশ্ব তাকিয়ে বালির দিকে। আইপিসিসি সচিবালয়ের প্রধান ইভো ডি বোয়ের এ সম্মেলনের প্রাক্কালে বালিতে বলেছেন, "জলবায়ু পরিবর্তনের নানামুখী ক্ষতিকর প্রভাব আমরা দেখেছি। আমরা খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছি।" আয়োজকরা জানান, সম্মেলনের শেষ দিকে বিভিন্ন দেশের পরিবেশ মন্ত্রীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন এবং যুক্তরাষ্ট্র এবং চীনের মতো শীর্ষ গ্রিনহাউস গ্যাস নির্গমণকারী দেশগুলোকে নতুন জাতিসংঘ চুক্তিতে অন্তর্ভূক্ত করার চেষ্টা চালাবেন। যুক্তরাষ্ট্র ও চীনের মতো শীর্ষ শিল্পোন্নত দেশগুলো এখনও কিয়োটো প্রটোকলে স্বাক্ষর না করায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা কঠিন হয়ে পড়ছে। ২০০৮-১২ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমণ ১৯৯০ সালের মাত্রার চেয়েও কমপক্ষে ৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে ১৯৯৭ সালে জাপানের কিয়োটোতে ওই প্রটোকল স্বাক্ষরিত হয়। মোট ১৭৪টি দেশ এ প্রটোকল স্বাক্ষর করেছে। কিন্তু এসব দেশের বেশিরভাগই উন্নয়নশীল এবং অনুন্নত গরিব দেশ, যাদের নির্গমণের হার এমনিতেই কম। কিন্তু বিপজ্জনক মাত্রায় গ্রিনহাউস গ্যাস নির্গমণকারী শিল্পোন্নত দেশগুলোর মাত্র ৩৬ টি এখন পর্যন্ত এ প্রটোকল মেনে চলার অঙ্গীকার করেছে। গ্রিনহাউস গ্যাস নির্গমণে শীর্ষস্থানীয় দেশ যুক্তরাষ্ট্র বলছে, কিয়োটো প্রটোকলের ২০১২ সালের লক্ষ্যমাত্রায় উন্নয়নশীল দেশগুলোকে অন্যায্য সুবিধা দিয়ে নির্গমণ কমানোর ক্ষেত্রে অপেক্ষাকৃত কম হার বেঁধে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বুশ বলছেন, এ প্রটোকল স্বাক্ষর করলে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে, দ্বিতীয় শীর্ষ নির্গমণকারী চীনের দাবি, বিশ্বের বর্তমান বিপর্যয়ের জন্য যেহেতু শিল্পোন্নত বিশ্বই দায়ী, তাই গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমানোর ক্ষেত্রেও তাদেরই নেতৃত্ব দিতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোকেই বেশি হারে গ্যাস নির্গমণ কমাতে হবে। চীন আরও বলছে, শিল্পায়নের ক্ষেত্রে ইউরোপ-আমেরিকার মতো পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত তারাও নির্গমণ কমানোর ক্ষেত্রে খুব বেশি ছাড় দিতে পারবে না। গ্রিন হাউস গ্যাস নির্গমণের জন্য সবচেয়ে বেশি দায়ী জীবাশ্ম জ্বালানির ব্যবহার। শিল্পোন্নত এবং উন্নয়নশীল বিশ্বে বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার এবং শিল্প ও কৃষি খাতের নানা মানবিক তৎপরতায় ব্যাপক হারে গ্রিন হাউস গ্যাস নির্গমণের ফলেই অত্যন্ত দ্রুত হারে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে । 'গ্লোবাল ওয়ার্মিং' বা বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধির কারণে ভূ-পৃষ্ঠের বরফ গলে আশঙ্কাজনকহারে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, বিশ্বে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয়ে বন্যা, খরা, ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে এবং বিশ্বব্যাপী উপকূলীয় অঞ্চল তলিয়ে যাওয়াসহ মারাত্মক হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২৩ ঘ.