২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে হাসপাতালে স্ত্রীকে গুলি করে হত্যা

স্ত্রীকে অসুস্থতার যন্ত্রণা থেকে মুক্তি দিতে শেষ পর্যন্ত তাকে গুলি করে হত্যা করেছে এক বৃদ্ধ। হতবাক করা এ ঘটনা ঘটেছে ইতালির প্রাতোর তুসকান শহরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 11:05 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

রোম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - স্ত্রীকে অসুস্থতার যন্ত্রণা থেকে মুক্তি দিতে শেষ পর্যন্ত তাকে গুলি করে হত্যা করেছে এক বৃদ্ধ। হতবাক করা এ ঘটনা ঘটেছে ইতালির প্রাতোর তুসকান শহরে। আলঝেইমার রোগে আক্রান্ত ৮২ বছর বয়সী স্ত্রীকে শনিবার হাসপাতালেই গুলি করে হত্যা করেন ৭৭ বছর বয়সী ওই বৃদ্ধ। হাসপতালের কর্মচারি ও অন্যান্য রোগীর সামনে এ ঘটনা ঘটালেও তাতে তার কোনো দুঃখ নেই। বরং আছে প্রশান্তি। কারণ, প্রিয়তমা স্ত্রী গত আট বছর ধরে এ রোগের যন্ত্রণা ভোগ করছেন। এ যন্ত্রণা থেকে মুক্তি দিতেই স্ত্রীর মুখ ও বুকে তিন তিনটি গুলি চালান ওই বৃদ্ধ। এ ঘটনার পরপরই গ্রেপ্তার হলেও তাতে তার কোনো খেদ নেই। স্ত্রীকে গুলি করার কারণ হিসাবে ওই বৃদ্ধ পুলিশকে বলেন, স্ত্রীর যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না তিনি। পুলিশ এ বৃদ্ধর নাম প্রকাশ করেনি। তাছাড়া, তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হবে সে বিষয়টিও পরিষ্কার হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এ সপ্তার প্রথম দিকে ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রসঙ্গত, সাধারণত ৬৫ বছরের বেশি বয়সের লোকেরা আলঝেইমার রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং এর ফলে রোগীর বুদ্ধিবৈকল্য হয়ে থাকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৪৯ ঘ.