কায়রো, ডিসেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফপি)--- ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের অ্যানাপোলিসে আয়োজিত মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের লক্ষ্য অর্জিত হয়েছে। এ সম্মেলনের মধ্য দিয়ে ইসরায়েল-ফিলিস্তিন আলোচনার শুভ সূচনা হয়েছে।
কায়রোয় মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের আব্বাস বলেন, " এ সম্মেলনের মূল লক্ষ্য ছিল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনা শুরু করা। এ লক্ষ্য অর্জন করা গেছে।"
তিনি আরও বলেন, "অনেকেই মনে করেছিলেন অ্যানাপোলিস সম্মেলনে আলোচনা সত্যিকার অর্থেই শুরু হবে বা কোনো চুক্তি হবে।"
উল্লেখ্য, প্র্য়া ৭ বছর পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট অ্যানাপোলিস সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শান্তি আলোচনা পুনরায় শুরু করলেন। ২০০৮ সালের শেষ নাগাদ একটি সামগ্রিক চুক্তিতে উপনীত হওয়াই এই আলোচনার উদ্দেশ্য।
আব্বাস বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধপূর্ণ মূল ইস্যুগুলো নিয়ে আলোচনা শুরুর জন্য একটি কমিটি গঠন করা হবে। এই ইস্যুগুলোর মধ্যে রয়েছে জেরুজালেমের মর্যাদা নির্ধারণ, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা এবং ফিলিস্তিনি শরণার্থীদের ভাগ্য নির্ধারণ।
আব্বাস জানান, ওই কমিটির নেতৃত্ব দেবেন সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী আহমেদ কুরেই।
অ্যানাপোলিস সম্মেলনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ২০০৮ সালে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত কমিটি শান্তি আলোচনা চালিয়ে যাবে। এছাড়াও সম্মেলনের ঘোষণায় দুপক্ষ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া 'রোডম্যাপ' বাস্তবায়নের বিষয়টি তদারকাধীনে রাখতে একটি মেকানিজম তৈরিতেও একমত হয়েছে।
রোডম্যাপ শান্তি প্রক্রিয়ায় সহাবস্থানের ভিত্তিতে ইসরায়েল ও ফিলিস্তিন দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে।
আব্বাস জানান, অ্যানাপোলিস সম্মেলনের পর আরও দুটি সম্মেলন হওয়ার কথা রয়েছে। এর একটি হবে প্যারিসে এবং অপরটি হবে মস্কোয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৮ঘ.
bdnews24