২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ বন্ধের হুমকি শ্যাভেজের

ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ওপেকভূক্ত দেশটি থেকে যুক্তরাষ্ট্রের কাছে তেল বিক্রি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। শ্যাভেজের আজীবন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের বৈধতা দিতে সংবিধান পরিবর্তন সংক্রান্ত গণভোটের প্রাক্কালে শুক্রবার তিনি এ হুমকি দেন। রোববার ওই গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 10:11 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

কারাকাস, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ওপেকভূক্ত দেশটি থেকে যুক্তরাষ্ট্রের কাছে তেল বিক্রি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। শ্যাভেজের আজীবন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের বৈধতা দিতে সংবিধান পরিবর্তন সংক্রান্ত গণভোটের প্রাক্কালে শুক্রবার তিনি এ হুমকি দেন। রোববার ওই গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা। প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার সংক্রান্ত এ গণভোটে শ্যাভেজ তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অধিকাংশ জরিপে দেখা গেছে, সংস্কারের পক্ষে (হ্যাঁ ভোট) এবং বিপক্ষে (না ভোট) প্রায় সমান সংখ্যক ভোটার মত দিচ্ছেন। রোববারের গণভোটে 'হ্যাঁ ভোট' বিজয়ী হলে শ্যাভেজ যতদিন বেঁচে থাকবেন ততদিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচনে বিজয়ী হলে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। পরপর দুইবার বা তিনবারের বেশি নির্বাচনে অংশ নেওয়ার মতো কোনো বাধ্যবাধকতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। গণভোটের প্রচারণার শেষ দিনগুলোতে শ্যাভেজ তীব্র ভাষায় তার দেশি-বিদেশি বিরোধীদের সমালোচনা করেছেন। সমর্থকদের উজ্জীবিত করতে এবং গণভোটে জয়লাভের উদ্দেশ্যে শ্যাভেজ এটা করছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুক্রবার রাজধানী কারাকাসের শহরতলীতে কয়েক লাখ উল্লসিত সমর্থকের উদ্দেশে শ্যাভেজ বলেন, আসন্ন গণভোটে মার্কিন প্রশাসন হস্তক্ষেপের চেষ্টা করলে তিনি তার সমুচিত জবাবে দেবেন। শ্যাভেজ হুমকি দিয়ে বলেন, "যুক্তরাষ্ট্রের জন্য এক ফোঁটা তেলও বরাদ্দ থাকবে না। আর তারা আসতে এবং আমাদের তেল নিতে চাইলে তাদেরকে ভেনেজুয়েলায় শত বছরের যুদ্ধের সম্মুখীন হতে হবে।" প্রসঙ্গত, সামাজিক কর্মসূচিতে ব্যয় বাড়ানোর মাধ্যমে ভেনেজুয়েলার সংখ্যাগুরু দরিদ্র লোকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন শ্যাভেজ। অবশ্য, সমালোচকরা বলছেন, শ্যাভেজ স্বৈরাচারী ক্ষমতা লাভের চেষ্টা করছেন। এছাড়া, শ্যাভেজের অনেক মধ্যপন্থী সমর্থক এটা ভেবে উদ্বিগ্ন যে, প্রস্তাবিত এ সংস্কার হলে অনেক বেশি ক্ষমতাশালী হবেন শ্যাভেজ। শ্যাভেজ এ গণভোটকে তার শাসনের ওপর গণভোট হিসাবে অভিহিত করেছেন। এ প্রসঙ্গে শুক্রবারের সমাবেশে তিনি বলেন, "যিনি 'হ্যাঁ ভোট' দেবেন তিনি ভোট দেবেন শ্যাভেজের জন্য। আর যিনি 'না ভোট' দেবেন তিনি ভোট দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জন্য।" উল্লেখ্য, শ্যাভেজ ২০০২ সালে তার শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পেছনে ওয়াশিংটনের হাত ছিল বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ জানিয়ে আসছেন। পাশাপাশি হুমকি দিয়ে আসছেন, যুক্তরাষ্ট্রের কাছে তেল বিক্রি বন্ধ করে দেওয়ার। শ্যাভেজ তার শুক্রবারের ভাষণে স্পেনের প্রতি আবারও হুশিয়ারি উচ্চারণ করেন। শ্যাভেজ বলেন, চিলির সম্মেলনে তাকে "চুপ করতে" বলার জন্য স্পেনের রাজা হুয়ান কার্লোসকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। অন্যথায়, তিনি স্পেনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন এবং ভেনেজুয়েলায় স্পেনের সব ধরনের ব্যবসা-বাণিজ্য জাতীয়করণ করে নেবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬০৭ ঘ.