২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অধিকারের পক্ষে লড়ে যাব: ইরান

ইরান বলেছে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা তাদের পরমাণু কর্মসূচি নিয়ে যে প্রতিবেদনই জমা দেন না কেন তেহরান তাদের পরমাণু অধিকারের পক্ষে লড়ে যাবে। লন্ডনে ইইউ-ইরান বৈঠকের পর ইরানের শীর্ষ পরমাণু আলোচক সাঈদ জলিলি শনিবার একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 08:19 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

তেহরান, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরান বলেছে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা তাদের পরমাণু কর্মসূচি নিয়ে যে প্রতিবেদনই জমা দেন না কেন তেহরান তাদের পরমাণু অধিকারের পক্ষে লড়ে যাবে। লন্ডনে ইইউ-ইরান বৈঠকের পর ইরানের শীর্ষ পরমাণু আলোচক সাঈদ জলিলি শনিবার একথা বলেন। এর আগে শুক্রবার লন্ডনে জলিলির সঙ্গে বৈঠকের পর ইইউ'র সোলানা সাংবাদিকদের বলেন, আলোচনায় তিনি হতাশ হয়েছেন। লন্ডন থেকে ফেরার পথে জলিলিকে সাংবাদিকরা প্রশ্ন করেন, সোলানা নেতিবাচক প্রতিবেদন দিলে ইরান বিষয়টিকে কীভাবে নেবে? জবাবে জালিলি বলেন, "আমরা আশা করছি একটা ইতিবাচক প্রতিবেদনের। তবে যদি কোনোভাবে তা না হয় সেক্ষেত্রে এনপিটি'র (পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি) একজন স্বাক্ষরকারী হিসাবে আমরা আমাদের জাতির অধিকার রক্ষা হয় এমন জবাব দিব।" ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির ওপর জাতিসংঘের আরও অবরোধ আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপ এড়ানোর সর্বশেষ সুযোগ হিসাবে দেখা হচ্ছিল সোলানা-জালিলির ওই বৈঠককে। বৈঠকে কোনো সফলতা অর্জিত না হওয়ায় ধারণা করা হচ্ছে, প্যারিসে শনিবার অনুষ্ঠেয় ছয় বিশ্ব শক্তির (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন. ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি) আলোচনায় ইরানের বিরুদ্ধে নতুন শাস্তি আরোপের বিষয়ে জাতিসংঘের কাছে প্রস্তাব পাঠানোর বিষয়ে চেষ্টা চালানো হতে পারে। ইরানকে নিঃসঙ্গ করার জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ, যুক্তরাষ্ট্র মনে করে, পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। অন্যদিকে, ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পরিচালিত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করার দাবি জানালেও তেহরান বলে আসছে, এটা তাদের জাতীয় অধিকার এবং তারা এ থেকে পিছু হটবে না। জলিলি লন্ডনে আরও বলেন, ইরান সমৃদ্ধকরণ পরিত্যাগ করবে এমন প্রত্যাশা গ্রহণযোগ্য নয়। প্রসঙ্গত, ইরান তাদের পরমাণু কর্মসূচির অংশ হিসাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে আসছে। আর সমৃদ্ধ ইউরেনিয়াম সামরিক এবং বেসামরিক উভয় কাজে ব্যবহার করা যায় বলেই মূলত পশ্চিমারা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তৃতীয় দফা অবরোধ আরোপ হলে ইরান কি করবে সে বিষয়ে কিছু বলেন নি জলিলি। অবশ্য এর আগে ইরানের কর্মকর্তারা বলেছেন, তৃতীয় দফা অবরোধের শিকার হলে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করবে। উল্লেখ্য, গত আগস্ট মাসে সম্পাদিত এক পরিকল্পনা অনুসারে ইরান তাদের পরমাণু কর্মসূচি সম্পর্কে আইএইএ'র সঙ্গে কাজ করে যাচ্ছে। আইএইএ প্রধান এলবারাদি নভেম্বর মাসে সংস্থাটির নির্বাহী পরিষদের কাছে দেওয়া এক প্রতিবেদনে জানিয়েছেন, এ বছরের শেষ নাগাদ ইরান তাদের পরমাণু কর্মসূচি সংক্রান্ত প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার ক্ষেত্রে "ভাল উন্নতি" করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪১০ ঘ.