ওয়াশিংটন, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নির্বাচনী প্রচার অফিসের জিম্মি নাটকের শান্তিপূর্ণ অবসান হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হিলারি ক্লিনটন। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে অবস্থিত হিলারির নির্বাচনী প্রচার অফিসে এক লোক ঢুকে দুজনকে জিম্মি করলে এ নাটকের সূত্রপাত হয়। পরে অবশ্য তিনি তাদেরকে ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় ক্লিনটনের নির্বাচনী অফিসের স্টাফ ও স্বেচ্ছাসেবকদের কেউ হতাহত হননি।
সন্দেহভাজন ওই জিম্মিকারীর আত্মসমর্পণের পর হিলারি ক্লিনটন ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, "এটা ছিল একটা কঠিন দিন। তবে শেষ পর্যন্ত তা ভালভাবেই শেষ হয়েছে।"
জিম্মির ঘটনা চলাকালীন সময়ের অনুভূতি জানিয়ে তিনি বলেন, "আমার জন্য যেসব তরুুণ কাজ করছিল তাদের মঙ্গল কামনা ছাড়া আমরা আর কিছুই ভাবতে পারছিলাম না।"
ক্লিনটন বলেন, পুলিশ এবং তার স্টাফদের ধন্যবাদ জানানোর জন্য শিগগির তিনি নিউ হ্যাম্পশায়ারে যাচ্ছেন।
এর আগে শুক্রবার ওই লোক ক্লিনটনের নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী অফিসে ঢুকে দুজনকে জিম্মি করে দাবি জানায়, তার বুকে বোমা বাঁধা আছে। নিউ হ্যাম্পশায়ারের রচেস্টারে এ ঘটনার সময় হিলারি সেখানে ছিলেন না। নিউ হ্যাম্পশায়ারের গণমাধ্যম এই খবর জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অফিস ভবন থেকে একজন নারী বেরিয়ে আসেন। তিনি জিম্মি ছিলেন এবং ক্লিনটনের একজন স্বেচ্ছাসেবক বলে জানিয়েছেন। পুলিশ তাকে নিরাপদে সরিয়ে নিয়েছে।
নিউ হ্যাম্পশায়ারের ডব্লিউএমইউআর টেলিভিশন জানায়, আরেকজন জিম্মিকেও মুক্তি দেওয়া হয়েছে।
ডেমোক্রেট পার্টির কর্মকর্তারা জানান, এ খবর শোনার পর হিলারি ভার্জিনিয়ায় দলের ন্যাশনাল কমিটির বৈঠকে তার বক্তব্য বাতিল করেন।
হিলারির নির্বাচনী প্রচার অফিসে কয়েকজনকে জিম্মি করার খবরটি প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। লেটি টিজিক নামে এক লোক স্থানীয় ডব্লিউএমইউআর টেলিভিশনকে বলেন, "৬ অথবা ৮ মাসের একটি শিশু কোলে এক মহিলা দ্রুত তার দোকানে ঢুকে কাঁদতে কাঁদতে বলেন, 'আপনারা শিগগির ৯১১ - এ ফোন করুন। এক লোক হিলারি অফিসে ঢুকে তার কোটের ভেতরে টেপ দিয়ে আটকানো বোমা দেখিয়েছে।"
২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নিউইয়র্কের সিনেটর ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১১৫ ঘ.
bdnews24