বস্টন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে শুক্রবার হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচার অফিসে এক লোক ঢুকে দুজনকে জিম্মি করার কিছুক্ষণ পর ছেড়ে দেয়। তবে আরও জিম্মি রয়েছে কিনা সেটা পরিষ্কারভাবে জানা যায়নি। পুলিশ অফিসটি ঘিরে রেখেছে।
লোকটি দাবি করে তার বুকে বোমা বাঁধা আছে। নিউ হ্যাম্পশায়ারে রচেস্টারে এ ঘটনার সময় হিলারি সেখানে ছিলেন না। নিউ হ্যাম্পশায়ারের গণমাধ্যম এই খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অফিস ভবন থেকে একজন নারী বেরিয়ে আসেন। তিনি জিম্মি ছিলেন এবং একজন স্বেচ্ছাসেবক বলে জানিয়েছেন। পুলিশ তাকে নিরাপদে সরিয়ে নিয়েছে।
নিউ হ্যাম্পশায়ারের ডব্লিউএমইউআর টেলিভিশন জানায়, আরেকজন জিম্মিকেও মুক্তি দেওয়া হয়েছে। তবে সেখানে আরও জিম্মি আছে কিনা সেটা স্পষ্ট নয়। (আরও তথ্যসহ ২)
ডেমোক্রেট পার্টির কর্মকর্তারা জানান, এ খবর শোনার পর হিলারি ভার্জিনিয়ায় দলের ন্যাশনাল কমিটির বৈঠকে তার বক্তব্য বাতিল করেছেন।
ওয়াশিংটনে হিলারির নির্বাচনী প্রচার অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, "রচেস্টার অফিসের ঘটনা এখনো শেষ হয়নি। আমার এ বিষয়ে রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছি এবং তাদের নির্দেশমত কাজ করছি।"
নিউ হ্যাম্পশায়ার রাজ্য পুলিশের বোমা স্কোয়ার্ড অফিসটি ঘিরে রেখেছে এবং পুরো এলাকা বন্ধ করে দিয়েছে।
এর আগে হিলারির নির্বাচনী প্রচার অফিসে কয়েকজনকে জিম্মি করার খবরটি প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। লেটি টিজিক নামে এক লোক স্থানীয় ডব্লিউএমইউআর টেলিভিশনকে বলেন, "৬ অথবা ৮ মাসের একটি শিশু কোলে এক মহিলা দ্রুত তার দোকানে ঢুকে কাঁদতে কাঁদতে বলেন, 'আপনারা শিগগির ৯১১ - এ ফোন করুন। এক লোক হিলারি অফিসে ঢুকে তার কোটের ভেতরে টেপ দিয়ে আটকানো বোমা দেখিয়েছে।"
নিউ হ্যাম্পশায়ার রাজ্য পুলিশের মেজর মাইকেল হামব্র"ক সিএনএন-কে জানান, লোকটি কয়েকজনকে মুক্তি দিয়েছে। তবে আরও কয়েকজনকে আটকে রেখেছে।
তিনি আরও জানান, রচেস্টারে ডেমোক্রেট দলের অপর সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামার নির্বাচনী প্রচার ও আশপাশের ব্যবসায়ী অফিসগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে ভার্জিনিয়ার ভিয়েনায় ডেমোক্রেট ন্যাশনাল কমিটির বৈঠকে বক্তব্য রাখার কথা হিলারি ক্লিনটনের।
ওয়াশিংটনে হিলারির নির্বাচনী প্রচার অফিস থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী প্রচার অফিসের ব্যবস্থাপক বিল শাহিন দুজন স্বেচ্ছাসেবকে জিম্মি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহিন ডব্লিউএমইউআর টেলিভিশনকে বলেন, " আমি কেবল ভাল কিছুর আশা করতে পারি।"
রচেস্টারের যে সড়কে হিলারির অফিস অবস্থিত সেখানকার টেক্সমেক্স নামের একটি স্যালুনের মালিক অ্যান্থনি ইজারক (৪২) জানান, পুলিশ তার রেস্তোরাঁ থেকে ৩০ থেকে ৪০ জন ক্রেতা ও কর্মচারীকে সরিয়ে নিয়েছে।
২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নিউইয়র্কের সিনেটর ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/০৩১১ ঘ.
bdnews24