ক্যানবেরা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৮ সালের মাঝামাঝিতে ইরাক থেকে সেনাদের দেশে ফিরিয়ে আনতে চায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী কেভিন রুড সেনাদের দেশে ফেরানোর সময়সীমা নির্ধারণের পর শুক্রবার একথা বলেছেন।
ইরাকে অস্ট্রেলিয়ার প্রায় ১৫০০ সেনা রয়েছে। আর রুড ইরাক থেকে সেনাদের দেশে ফেরানোর প্রতিশ্র"তি দিয়েই ২৪ নভেম্বরের নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় এসেছেন। অস্ট্রেলিয়ার বেতারে রুড বলেন, "ইরাক থেকে আমাদের সেনারা আগামী বছরের মাঝামাঝিতেই বাড়ি ফিরবে।"
রুড ইরাক থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের প্রতিশ্র"তি দেন। তবে অস্ট্রেলিয়ায় ফেরার সময় সম্পর্কে তিনি তেমন কিছু বলেননি। অস্ট্রেলিয়ার সেনারা ইরাকের অপেক্ষাকৃত শান্ত দক্ষিণাঞ্চলে মোতায়েন রয়েছে। সেখানে তারা নিরাপত্তা বিধান এবং ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিয়োজিত।
অস্ট্রেলিয়ার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন শুরুর সময় অস্ট্রেলিয়াই প্রথম সেনা সাহায্য দিতে এগিয়ে আসে। অস্ট্রেলিয়ার সাবেক রক্ষণশীল সরকার যুক্তরাষ্ট্রের ইরাক মিশনের শক্তিশালী সমর্থক ছিল।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গত সপ্তাহে অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী কেভিন রুডকে ফোনে নির্বাচনে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান। কিন্তু তাদের মধ্যে ইরাক প্রসঙ্গ নিয়ে কোনো কথা হয়েছে কিনা সে ব্যাপারে রুড কিছু জানাননি।
আগামী সোমবার পার্লামেন্টে শপথ গ্রহণের পর রুড আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। এর পরপরই অস্ট্রেলিয়া সরকার ইরাক থেকে সেনা ফেরানোর বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছেন রুড।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১১ঘ.
bdnews24