ইসলামাবাদ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেনাপ্রধানের পদ ছেড়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ।
শপথ গ্রহণের কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার জাতির উদ্দেশে এক ভাষণে মুশাররফ জানান আগামী ১৬ ডিসেম্বর জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে।
প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়ে আদালতের রায় তার বিপক্ষে যেতে পারে এই আশঙ্কায় মুশাররফ গত ৩ নভেম্বর জরুরি অবস্থা জারি করেন।
জাতির উদ্দেশ্যে ভাষণে মুশাররফ বলেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি ১৬ ডিসেম্বর জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার করা হবে।"
তিনি আরও বলেন, "আল্লাহর ইচ্ছায়, সংবিধানের আওতায় নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে।" কিছু দিন আগে মুশাররফ ঘোষণা দিয়েছিলেন, আগামী ৮ জানুয়ারি সাধারণ নির্বাচন হবে।
জরুরি অবস্থা জারির পর বিচারবিভাগে বড় ধরণের রদবদল ঘটিয়ে আদালতের গুরুত্বপূর্ণ পদগুলোতে অনুগত বিচারকদের নিয়োগ দেন প্রেসিডেন্ট মুশাররফ। পরে আদালত তার বিপক্ষে দায়ের করা বিরোধীদের ছয়টি আবেদনই খারিজ করে দেয়। এর ফলে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পথ পরিস্কার হয়।
সাবেক সেনাপ্রধান পারভেজ মুশাররফ এর আগে বৃহস্পতিবারই দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন । দেশি-বিদেশি চাপের মুখে বুধবার সেনাপ্রধানের পদ ছেড়ে দেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে ঘনিষ্ঠ মিত্র মুশাররফ।
প্রধান বিচারপতি আব্দুল হামিদ দোগার মুশাররফকে শপথ বাক্য পাঠ করান। মুশাররফ এ সময় পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক শেরওয়ানি পরে ছিলেন। ইসলামাবাদে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এক ভাষণে মুশাররফ বলেন, "পূর্ণ গণতন্ত্রে পাকিস্তানের উত্তরণে এ এক মাইলফলক।"
তিনি আরও বলেন, "একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে আমার এবং নতুন সেনাপ্রধান হিসাবে কাইয়ানির নেতৃত্বে পাকিস্তান আরও শক্তিশালী হয়ে উঠবে।"
বুধবার সেনাপ্রধানের পদ ছাড়ার পর মুশাররফ তার অনুগত জেনারেল আশফাক কাইয়ানিকে এ পদে স্থলাভিষিক্ত করেন।
এর আগে ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করে অনুগত আব্দুল হামিদ দোগারকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেন মুশাররফ।
সেনাপ্রধানের পদ ছাড়া নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমা মিত্র ও দেশে বিরোধীদের চাপের মুখে শেষ পর্যন্ত মুশাররফ প্রতিশ্র"তি দিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে সর্বোচ্চ সামরিক পদটি ছেড়ে দেবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বুধবার সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়ার জন্য মুশাররফকে অভিনন্দিত করলেও আগামী জানুয়ারির নির্বাচনের আগেই জরুরি অবস্থা প্রত্যাহারের জন্যও তার প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২৩০৯ ঘ.
bdnews24