২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফ অবৈধ প্রেসিডেন্ট: নওয়াজ শরীফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, পারভেজ মুশাররফ বৈধ প্রেসিডেন্ট নন। তিনি বলেন, মুশাররফের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা বিষয়ে রায় দিতে হলে তিনি সুপ্রিম কোর্টের যে বেঞ্চকে অপসারণ করেছেন তা পুনপ্রতিষ্ঠা করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 02:46 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

লাহোর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, পারভেজ মুশাররফ বৈধ প্রেসিডেন্ট নন। তিনি বলেন, মুশাররফের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা বিষয়ে রায় দিতে হলে তিনি সুপ্রিম কোর্টের যে বেঞ্চকে অপসারণ করেছেন তা পুনপ্রতিষ্ঠা করতে হবে। পারভেজ মুশাররফ সেনাপ্রধানের পদ ছেড়ে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এর কয়েক ঘণ্টা পর এক সাক্ষাতকারে জরুরি অবস্থা প্রত্যাহার ও বিরোধী নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে নওয়াজ শরীফ বলেন, "এই পরিস্থিতিতে আমরা মুশাররফে বৈধ প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করতে পারি না।" লাহোরে রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, "গত ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির আগে দেশে যে বিচার ব্যবস্থা ছিল তা পুনপ্রতিষ্ঠা করতে হবে।" নওয়াজ শরীফ আরও বলেন, "একান্ত ব্যক্তিগত উদ্দেশ্যে, প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত করতেই মুশাররফ বিচারকদের অপসারণ করেন। তার নির্বাচনের বিষয়ে আগের বিচারবিভাগ যে রায় দেবে সেটাই বৈধ হবে।" বৈরি বিচারবিভাগ বিপক্ষে রায় দিতে পারে, এই আশঙ্কা থেকেই মুশাররফ গত ৩ নভেম্বর দেশে জরুরি অবস্থা জারি করেন। এরপর বিচারবিভাগে বড় ধরণের রদবদল ঘটিয়ে অনুগত বিচারকদের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেন। দীর্ঘ আট বছরের নির্বাসন শেষে গত রোববার নওয়াজ শরীফ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। ১৯৯৯ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হটিয়ে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফ। এর পরের বছর শরীফকে নির্বাসনে পাঠায় মুশাররফ সরকার। বৃহস্পতিবার শপথ নেওয়ার পর প্রথম বক্তৃতায় মুশাররফ আগামী জানুয়ারিতে সাধারণ নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়ে কোনো ঘোষণা দেননি। বিরোধীরা জানিয়েছে, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন স্বচ্ছ হবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২০ ঘ.