২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি ভিন্ন রাষ্ট্র হলেই ইসরায়েল বাঁচবে: ওলমার্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনা ব্যর্থ হলে তা ইসরায়েলের টিকে থাকার ক্ষেত্রে হুমকি হয়ে উঠবে। আর তাই মধ্যপ্রাচ্য সঙ্কটের দ্বিরাষ্ট্রিক সমাধানই কেবল ইসরায়েলকে বাঁচাতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

জেরুজালেম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনা ব্যর্থ হলে তা ইসরায়েলের টিকে থাকার ক্ষেত্রে হুমকি হয়ে উঠবে। আর তাই মধ্যপ্রাচ্য সঙ্কটের দ্বিরাষ্ট্রিক সমাধানই কেবল ইসরায়েলকে বাঁচাতে পারে। হা'রেজ দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, "সহাবস্থানের ভিত্তিতে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনা ভেঙে পড়লে যদি দক্ষিণ আফ্রিকার ধাঁচে ফিলিস্তিনিদের সমান ভোটাধিকারের জন্য আন্দোলন-সংগ্রাম শুরু হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গেই ইসরায়েল শেষ হয়ে যাবে।" ওলমার্ট ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ৭ বছরের মধ্যে প্রথম প্রেসিডেন্ট বুশের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরুর পরদিনই ওলমার্টের এই সাক্ষাৎকারটি ছাপা হয়। উল্লেখ্য, ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েলের দখল করে নেওয়া অঞ্চলে ফিলিস্তিনিদের সংখ্যা ইসরায়েলিদের চেয়ে বেশি হয়ে যাবে বলে ইসরায়েল শঙ্কিত। ওলমার্ট বলেন, " ইসরায়েল দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনায় ব্যর্থ হলে তারা ইহুদি রাষ্ট্রে ফিলিস্তিনিদের সমান ভোটাধিকার না দিয়ে দমিয়ে রাখতে চাইলেও তা করা অসম্ভব হয়ে উঠবে।" তিনি বলেন, "সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইহুদি সংগঠনই আমাদের বিরুদ্ধে চলে যাবে।" ওলমার্ট আরও বলেন, "ইহুদি সংগঠন তখন বলবে, গণতন্ত্র এবং সব অধিবাসীর জন্য সমান ভোটাধিকারে বিশ্বাসী না এমন রাষ্ট্রকে আমরা সমর্থন দিতে পারি না।" ৪ বছর আগে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রঅ এরিয়েল শ্যারনের ডেপুটির কথা তুলে ধরে ওলমার্ট বলেন, "তিনি তখনই বলেছিলেন, ইসরায়েলের উচিত অধিকৃত অঞ্চল থেকে সরে আসা। তিনি বলেন, "জনগণ বলবে আমি সমস্যায় পড়েছি। তাই শান্তি প্রক্রিয়ার জন্য চেষ্টা করছি। কিন্তু আসল ব্যাপারটা অবশ্যই যুক্তি দিয়ে বিচার করতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৫ঘ.