মুম্বাই, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ত্র মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত বলিউড তারকা সঞ্জয় দত্ত জামিনে মুক্তি পেয়েছেন। ভারতে দক্ষিণাঞ্চলীয় পুনে কারাগার থেকে তিনি বৃহস্পতিবার ছাড়া পান।
১৯৯৩ সালে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বোমা হামলাকারীদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল ও একটি পিস্তল কেনার অভিযোগে সঞ্জয় দত্তকে ছয় বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই বোমা হামলায় ২৫৭ জন নিহত হয়।
আদলতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন সঞ্জয় দত্ত। আদালত গত মঙ্গলবার তার জামিন মঞ্জুর করে।
প্রায় এক মাসের ও বেশি কারাগারে কাটানোর পর বৃস্পতিবার তিনি যখন বেরিয়ে আসেন তখন তার পরণে ছিল কুঁচকানো সাদা শার্ট ও কপালে সিদুঁর টানা। এই এক মাসে তার কাঁচাপাকা দাড়িও বেশ লম্বা হয়েছে। তবে চুল ছিল ছোট করে কাটা।
কারাগার থেকে বেরিয়ে সঞ্জয় দত্ত সরাসরি তার জন্য দাড়ানো একটি গাড়িতে গিয়ে ওঠেন। অবশ্য এ সময় কারাগারের বাইরে ভিড় করা ভক্তদের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে সুভেচ্ছা জানান। সঙ্গে ছিল একটি হলুদ ব্যাগ। এতেই ছিল তার সমস্ত দরকারি জিনিসপত্র।
পুনে থেকে একটি ব্যাক্তিগত বিমানে সঞ্জয় দত্ত মুম্বাই চলে আসেন। সেখানে তাকে সুভেচ্ছা জানান শত শত ভক্ত ও তার পরিবারের সদস্যরা। ভক্তরা তাকে ফুলের তোড়া দিয়ে গ্রহণ করেন এবং আতশ বাজিও পোড়ান।
তার বাড়ির সামনে জড়ো হওয়া পথচারী ও সাংবাদিকদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।
৪৮ বছর বয়স্ক এই বলিউড তারকা সাংবাদিকদের বলেন, "আমি সব সময় আমরা পরিবার, ভক্ত দেশের মানুষের কথা চিন্তা করতে চাই।"
তিনি আরও বলেন, "দেশের বিচার ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি জানি সুবিচার পাব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭০৫ঘ.
bdnews24