২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের অর্থ উপদেষ্টা হুবার্ডের পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মেয়াদ ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে একে একে তাকে ছেড়ে যাচ্ছেন তার দীর্ঘদিনকার সহকর্মীরা। সর্বশেষ বুধবার পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের অর্থ উপদেষ্টা অ্যালান হুবার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 10:03 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ওয়াশিংটন, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মেয়াদ ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে একে একে তাকে ছেড়ে যাচ্ছেন তার দীর্ঘদিনকার সহকর্মীরা। সর্বশেষ বুধবার পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের অর্থ উপদেষ্টা অ্যালান হুবার্ড। অর্থ উপদেষ্টা হুবার্ড এমন এক সময়ে পদত্যাগ করলেন যখন বুশ প্রশাসন একটি জটিল সময় পার করছে। বন্ধকী শিল্প ও আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের দরপতনসহ নানা কারণে মার্কিন অর্থনীতিতে চলছে মন্দা। ৬০ বছর বয়সী হুবার্ড এ বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল' (এনইসি) এর পরিচালক পদের দায়িত্ব ছেড়ে দেবেন। তখন তার স্থলাভিষিক্ত হবেন ৩৯ বছর বয়সী কিথ হেনেস। তিনি এনইসির উপ-পরিচালক পদে পাঁচ বছর কাজ করেছেন। পদত্যাগের একদিন আগে মঙ্গলবার হুবার্ড এক মন্তব্যে বলেন, মার্কিন অর্থনীতির মন্দার দিকে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে। প্রায় তিন বছর এনইসি'র পরিচালকের দায়িত্ব পালনকারী হুবার্ড পদত্যাগপত্রে এর কারণ হিসাবে তার তিন সন্তানকে বেশি সময় দেওয়ার কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে। এর আগে এ বছরেই হোয়াইট হাউসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন, রাজনৈতিক উপদেষ্টা কার্ল রোভ, জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী উপদেষ্টা ফ্রান টাউনসেন্ড এবং বাজেট পরিচালক রব পোর্টম্যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৪৪ ঘ.