ওয়াশিংটন, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আবারও অঙ্গীকার করে বুধবার বলেছেন, ইরান তেল আবিবে হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নেবে।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে আয়োজিত মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন চলাকালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন বুশ। তিনি বলেন, "আমি এটা পরিষ্কার করেছি যে, ইরান আক্রমণ করলে আমরা আমাদের মিত্র ইসরায়েলকে সমর্থন করব। তবে আমি আশা করছি ইরান ইসরায়েলকে হামলা করবে না।"
বুশ বলেন, ইসরায়েলকে নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বক্তব্য তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বিশ্ব মানচিত্র থেকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে মুছে ফেলার আহ্বান জানানোর পাশাপাশি নাৎসি বাহিনী সত্যিকারেই ইহুদিদের ওপর গণহত্যা চালিয়েছিল কিনা সে প্রশ্নও তুলেছেন। আর ইহুদি গণহত্যা সংক্রান্ত তার এ বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
এছাড়া, ইরান তাদের পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। অন্যদিকে, এ অভিযোগ প্রত্যাখান করে ইরান বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পরিচালিত।
পরমাণু কর্মসূচি সংক্রান্ত অভিযোগ ছাড়াও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযোগ জানিয়ে আসছে প্রতিবেশী ইরাকের গেরিলাদের সাহায্য করার।
ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের উদ্যোগে অয়োজিত মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, "অবধারিত ব্যর্থতার জন্যই" আয়োজন করা হয়েছে এ সম্মেলনের।
বৃহস্পতিবার শেষ হতে চলা তিনদিনব্যাপী এ মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানায়নি যুক্তরাষ্ট্র। তবে, এতে অংশ নিয়েছেন ইরানের প্রতিবেশী অনেকগুলো আরব দেশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩২০ ঘ.
bdnews24