২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান নিয়ে শনিবার প্যারিসে আলোচনায় বসবে ছয় বিশ্বশক্তি

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আগামী শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে আলোচনায় বসবে শক্তিধর ছয়টি দেশের প্রতিনিধিরা। ব্রিটিশ পররাষ্ট্র দফতরের মন্ত্রী কিম হাওয়েলস বুধবার পার্লামেন্টে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 05:27 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

লন্ডন, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আগামী শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে আলোচনায় বসবে শক্তিধর ছয়টি দেশের প্রতিনিধিরা। ব্রিটিশ পররাষ্ট্র দফতরের মন্ত্রী কিম হাওয়েলস বুধবার পার্লামেন্টে একথা জানান। লন্ডনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা ও ইরানের প্রধান পরমাণু আলোচক সাইদ জলিলির মধ্যে আলোচনার পরদিন ছয় জাতির প্রতিনিধিরা ওই আলোচনায় বসবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র ছাড়াও আলোচনায় অংশ নেবেন জার্মানির প্রতিনিধি। ইরান মঙ্গলবার জানিয়েছে, শুক্রবার হ্যাভিয়ার সোলানার সঙ্গে বৈঠকে তারা নতুন পদক্ষেপের বিষয়ে আলোচনা করবে। তবে তার অর্থ এই নয় যে, পশ্চিমা বিশ্বের চাহিদা মত তারা পরমাণু প্রকল্প ত্যাগ করবে। ইরান তার বর্তমান অবস্থানে অনড় থাকলে তাদের ওপর তৃতীয় কঠোর নিষেধাজ্ঞার দাবি আরও জোরদার হতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘকে চাপ দিয়ে আসলেও রাশিয়া ও চীনের বিরোধিতার মুখে সেটা সম্ভব হচ্ছে না। ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির সভায় বক্তৃতায় হাওয়েলস প্যারিস আলোচনার বিষয়টি জানান। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। এ জন্য তারা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধের দাবি জানিয়ে আসছে। তা না হলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুমকিও তারা দিয়েছে। তবে পশ্চিমাদের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান। তারা জানিয়েছে, পরমাণু জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তারা পরমাণু কর্মসূচি চালাচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩০৭ ঘ.